ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।
পল্টন থানার ওসি শহিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হঠাৎ পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিকাল ৫টায় দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের সংবাদ ব্রিফিংয়ের কিছুক্ষণ পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
মঙ্গলবার হরতাল চলাকালে পুলিশি বাধার মুখে মিছিল নিয়ে রাজপথে নামতে পারেনি বিএনপি। অন্যদিকে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল হয়েছে।
মিছিল ও পিকেটিং করতে গিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। ধাওয়া-পাল্টা-ধাওয়াও হয়েছে কয়েক স্থানে, বিক্ষিপ্ত বোমাবাজিও হয় ঢাকায়। পুলিশের লাঠিপেটায় নরসিংদীতে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন আহত হন।
বড় ধরনের গোলযোগ না হলেও সারাদেশেই হরতাল সমর্থকরা বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে। পুরান ঢাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে হরতালের আগের রাতে ঢাকায় কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ভোরে রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও কাকরাইলে তিনটি মিনিবাস ও একটি ট্যাক্সিক্যাব ভাংচুর হয়। বেলা সাড়ে ৩টার দিকে পুরান ঢাকা ভিক্টোরিয়া পার্কের সামনে সদরঘাট-মিরপুর রুটের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নয়াবাজারে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। সকাল ৯টার দিকে শাহবাগে শিশুপার্কের সামনে বিস্ফোরিত হয় একটি বোমা। তবে এসব বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। এছাড়া ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/১৯০০ ঘ.
bdnews24