খুলনা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় বিএনপির মিছিলে সরকার সমর্থক যুবলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বিএনপির দাবি, হামলায় তাদের অন্তত ৩৫ নেতাকর্মী আহত হয়েছে।
হরতাল চলাকালে পিকেটাররা দৌলতপুরে দুটি টেম্পো ভাংচুর করেছে।
পুলিশ গ্রেপ্তার করেছে চারজনকে।
হরতাল চলাকালে নগরীর ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও স্কুল-কলেজ বন্ধ ছিলো। তবে সরকারি কার্যালয়গুলোতে স্বাভাবিক কাজকর্ম হয়েছে।
নগরী থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। রিকশা ও ভ্যান চলাচল স্বাভাবিক ছিলো।
খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে দুপুর দেড়টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে।
এতে মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা দৌলুতপুর ও খালিশপুরে বিএনপির মিছিলে হামলা করেছে।
দৌলতপুরে শ্রমিকলীগের হামলায় আহত বিএনপির পাঁচ কর্মী আহত হয়েছে। এরা হলেন- মো. জসিম, ফিরোজ, মো. বাবর আলী বাবু, মিঠু মোল্লা ও গফুর।
দৌলতপুর মহসিন মোড় থেকে বিএল কলেজের কাজী নজরুল ইসলাম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং ছাত্রদল কর্মী টিটোকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঞ্জু আরো অভিযোগ করেন, নগরীর রূপসা সেতু এলাকা থেকে ৩১ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।
দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছির বের করতে চাইলে পুলিশ বাধা দেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম শফিকুল আলম মনা অভিযোগ করেন, দাকোপ উপজেলা বিএনপি কার্যালয়ে পুলিশ তালা লাগিয়ে দিয়েছে। সেখানে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
দাকোপ থেকে পুলিশ বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে বলেও তিনি জানান।
শফিকুল দাবি করেন, কয়রা উপজেলা বিএনপির মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছে ২০ জন। রূপসা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় বিএনপির মিছিলে বাধা দেওয়া হয়েছে।
দৌলতপুর থানার ওসি মো. আনোয়রুল হক ভূঁইয়া জানান, দৌলতপুরের মহসিন মোড়ের কাছে বিএনপির পিকেটাররা দুটি টেম্পো ভাংচুর করেছে।
ভাংচুরের অভিযোগে পুলিশ ছাত্রদল নেতা বেলাল হোসেন ও কর্মী টিটোকে গ্রেপ্তার করেছে।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, পিকেটিং করার সময় নগরীর রূপসা সেতু এলাকা থেকে যুবদলকর্মী আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে যাতে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল করতে পারে সে লক্ষ্যে পুলিশ কাজ করেছে।
এদিকে হরতালের বিপক্ষে আওয়ামী লীগ বিভিন্ন স্থানে মিছিল করে।
যুবলীগ নেতাকর্মীরা মটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) নিয়ে নগরীর বিভিন্ন স্থানে মিছিল করে।
এছাড়া ছাত্রলীগ, শ্রমিকলীগ ও বাস্তহারা লীগ নগরীতে মিছিল করেছে।
খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, আওয়ামী লীগ কোথাও কোনো হামলা চালায়নি।
তারা বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে হরতালবিরোধী মিছিল করেছেন বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৫২ ঘ.
bdnews24