২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেমা জামায়াত'র ৯ নেতাকর্মী গ্রেপ্তার

নাটোর পৌরসভার হরিশপুর মহল্লার একটি বাড়ি থেকে সোমবার রাতে 'কলেমা জামায়াত' নামের একটি সংগঠনের জেলা জিম্মাদারসহ (নেতা) নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 11:20 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

নাটোর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোর পৌরসভার হরিশপুর মহল্লার একটি বাড়ি থেকে সোমবার রাতে 'কলেমা জামায়াত' নামের একটি সংগঠনের জেলা জিম্মাদারসহ (নেতা) নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে দু'জন নারী রয়েছেন। তাদের সঙ্গে তিনটি শিশু রয়েছে। পুলিশ জানিয়েছে, আটক করার সময় ওই বাড়ি থেকে ইসলাম ধর্ম নিয়ে লেখা কয়েকটি বই পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। বিচারক মোহাম্মদ শরিফ উদ্দিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন- রাজশাহীর পুঠিয়া উপজেলার কান্দার গ্রামের গোলাম মোস্তফা (৩২), তার স্ত্রী রেবেকা সুলতানা (২৬), সালমান ইসলাম (১৫), রাসেল ভুঁইয়া (২৫), কবীর হোসেন (২৬) আসাদুজ্জামান (২১), মনোয়ার আফরোজ (২০), নাটোরের লালপুর উপজেলার নবীনগর গ্রামের হাফেজ ইদ্রিস আলী (২৮) ও তার স্ত্রী আকলিমা বেগম (২২)। এর মধ্যে গোলাম মোস্তফা কলেমা জামায়াত'র নাটোর জেলার জিম্মাদার। তাদের সঙ্গে হাফেজ ইদ্রিস আলীর মেয়ে আমিনা (২) ছেলে আনাক (৪) ও গোলাম মোস্তফার মেয়ে মাইমুনা (২) রয়েছে। নাটোর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে হরিশপুর চেয়ারম্যান রোডের একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। ওই মহল্লার গাড়ি চালক মোস্তাক হোসেনের সঙ্গে গোলমালের সূত্র ধরে তাদের সন্ধান পায় পুলিশ। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, তারা কলেমা জামায়তের নেতাকর্মী। তারা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত নেই। তাদের নিজস্ব পেশা রয়েছে। তাদের নেতা ভোলার চরফ্যাশন কলেজের কৃষি বিভাগের অধ্যাপক আব্দুল মজিদ। ওসি বলেন, এ নামে কোনো সংগঠন আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তারা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আটক জেলা নেতা গোলাম মোস্তফা বলেন, "আমরা কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নই। আমরা শুধু ইসলামের দাওয়াত দিয়ে থাকি। আমাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭২১ ঘ.