ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল ডাকলেও পুলিশি বাধার মুখে মিছিল নিয়ে রাজপথে নামতে পারেনি বিএনপি। অন্যদিকে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল হয়েছে।
মিছিল ও পিকেটিং করতে গিয়ে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপির শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। ধাওয়া-পাল্টা-ধাওয়াও হয়েছে কয়েক স্থানে, বিক্ষিপ্ত বোমাবাজিও হয়েছে ঢাকায়। পুলিশের লাঠিপেটায় নরসিংদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন আহত হয়েছেন।
বড় ধরনের গোলযোগ না হলেও সারাদেশেই হরতাল সমর্থকরা বেশ কিছু গাড়ি ভাংচুর করেছে। পুরান ঢাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে হরতালের আগের রাতে ঢাকায় কয়েকটি গাড়িতে আগুন ধরানো হয়।
হরতালে দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক ছিলো বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। চট্টগ্রাম বন্দরে কাজ চললেও যানবাহন না থাকায় খালাস করা পণ্য বন্দরের বাইরে যায়নি।
সারাদেশে গাড়ি চলাচল ও দোকানপাট প্রায় বন্ধ ছিলো। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হয়নি। অফিস-আদালতে উপস্থিতিও ছিলো কম। তবে ঢাকার পুঁজিবাজারে হরতালের কোনো প্রভাব দেখা যায়নি।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, ট্রানজিট চুক্তি বাতিল, খালেদা জিয়াকে বাড়ি থেকে 'উচ্ছেদ', তার দুই ছেলেসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে। বর্তমান সরকারের সময়ে এটা তাদের তৃতীয় হরতাল।
হরতালের সমর্থনে সকাল থেকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে জড়ো ছিলেন বিএনপির নেতা-কর্মীরা। কার্যালয় ঘিরে ছিলো পুলিশও।
বিএনপিকর্মীরা কয়েক দফা মিছিল নিয়ে বের হতে চাইলেও পারেননি। এনিয়ে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া হয়। গ্রেপ্তার হন ৪০ জনের বেশি।
মিছিলের চেষ্টা করলে সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, ফেরদৌস আরা ওয়াহিদ ও বর্তমান সংসদ সদস্য নিলুফার চৌধুরীকে আটক করে পুলিশ। তবে বিকালে তাদের ছেড়ে দেওয়া হয়।
অবশ্য ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল চলাকালে রাজধানীর বিভিন্ন স্থান থেকে অন্তত ৫০ জনকে আটক করা হয়েছে।
ভোরে রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও কাকরাইলে তিনটি মিনিবাস ও একটি ট্যাক্সিক্যাব ভাংচুর হয়। বেলা সাড়ে ৩টার দিকে পুরান ঢাকা ভিক্টোরিয়া পার্কের সামনে সদরঘাট-মিরপুর রুটের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
এর আগে দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নয়াবাজারে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। সকাল ৯টার দিকে শাহবাগে শিশুপার্কের সামনে বিস্ফোরিত হয় একটি বোমা। তবে এসবে কেউ হতাহত হয়নি। এছাড়া ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ।
মহাখালীতে বেলা ১১টার দিকে তিতুমীর কলেজের ছাত্রদলকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সেখানে দুপুরে বিএনপি নেতা আসম হান্নান শাহর নেতৃত্বে মিছিলের চেষ্টা হলেও পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। দক্ষিণ যাত্রাবাড়ীতে হরতালের সমর্থনে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
সকালে পুরান ঢাকার জনসন রোডে মিছিলে লাঠি চালিয়ে বিএনপি সমর্থক দুই আইনজীবীকে আটক করে পুলিশ। বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল করেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও।
ঢাকায় অভ্যন্তরীণ রুটের কিছু বাস চলাচল করলেও যাত্রী সংখ্যা ছিলো কম। বিআরটিসির বাসগুলোকে অনির্ধারিত রুটেও চলতে দেখা যায়। এসব বাসের চালকের মাথায় ছিলো হেলমেট।
সকালে শাহবাগ এলাকায় মটর সাইকেল বহর নিয়ে মিছিল করে ছাত্রলীগ।
চট্টগ্রামে বিএনপি নেতা-কর্মীরা নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সারাদিন অবরুদ্ধ ছিলো। তবে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে রিকশা, মটর সাইকেল ও ট্রাক নিয়ে মিছিল ও সমাবেশ করে।
দারুল ফজল মার্কেট সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনের রাস্তায়, আন্দরকিল্লার মোড়, নিউ মার্কেট মোড়, লালখান বাজার মোড়, বহদ্দার হাট, আগ্রাবাদ মোড়সহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী সমাবেশ ও মিছিল হয়। আন্দরকিল্লার মোড়ে নগর কমিটির সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী হরতালবিরোধী সমাবেশে অংশ নেন।
মহিউদ্দিনবিরোধী বলে পরিচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বিএসসি তার অনুসারীদের নিয়ে নিউ মার্কেট মোড়ে সমাবেশ ও মিছিল করেন।
অন্যদিকে মিছিলের চেষ্টা করলে কয়েকটি স্থানে ১১ বিএনপিকর্মীকে আটক করে পুলিশ।
বরিশাল, সিলেট, নরসিংদী, নওগাঁ, গাইবান্ধা, মাদারীপুর, কুমিল্লা, ঠাকুরগাঁওয়ে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। জামালপুর ও রাজশাহীতে সংঘর্ষ হয়েছে সরকার সমর্থক ও বিরোধীদের মধ্যে।
নরসিংদীতে সকালে বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল বের করা সময় পুলিশ বাধা দেয়। ওই সময় পুলিশের লাঠিপেটায় আহত হন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খোকনসহ ৩০ জন। খোকন সাংবাদিকদের বলেন, পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা চালায়।
রাজশাহী, কুড়িগ্রামসহ বিভিন্ন স্থানে হরতালবিরোধী মিছিল হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিসি/এসআইএম/কেটি/এলএইচ/এসএম/এমআই/২১৩৩ ঘ.
bdnews24