২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় বাসে আগুন

বিএনপির হরতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও দুপুরের পর পুরান ঢাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 09:38 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালে মঙ্গলবার দুপুর পর্যন্ত বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া না গেলেও দুপুরের পর পুরান ঢাকায় একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সূত্রাপুর থানা এলাকায় ভিক্টোরিয়া পার্কের সামনে বেলা সোয়া ৩টার দিকে দিকে ইউনাইটেড পরিবহনের মিরপুর-সদরঘাট রুটের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কয়েক যুবক গাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনের খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে আগুন নেভায়। পুলিশ ঘটনাস্থল থেকে বেলাল নামে একজনকে আটক করেছে। বেলাল একজন গাড়িচালক। সূত্রপূর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগুন ধরানোর সঙ্গে বেলাল জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।" হরতালের আগের দিন সন্ধ্যায় ঢাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। তবে মঙ্গলবার সকাল থেকে চারটি গাড়ি ভাংচুরের খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৫৩০ ঘ.