ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাকে ধানমণ্ডির একটি বাসায় পুলিশ অবরুদ্ধ করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলের নেতারা।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাদেরকে অবরুদ্ধ করা হয় তারা অভিযোগ করেন।
বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী আসাদুজ্জামান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ আমাদেরকে সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নানের বাসায় অবরুদ্ধ করে রেখেছে।"
তিনি জানান, তার সঙ্গে দলের নেতা নিতাই রায় চৌধুরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম এ হালিম, সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ ১৫ থেকে ২০ জন নেতা অবরুদ্ধ হয়ে আছেন।
মঙ্গলবার বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে ধানমণ্ডিতে মিছিল সমাবেশ করার জন্য ধানমণ্ডি-১ এর কাছে আব্দুল মান্নানের বাসায় নেতারা সমবেত হলে পুলিশ তাদের অবরুদ্ধ করে বলে কাজী আসাদুজ্জামান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/কেএমএস/১৪৫১ ঘ.
bdnews24