নরসিংদী, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে নরসিংদীতে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন।
মঙ্গলবার সকালে বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কে মিছিল বের করা সময় পুলিশ বাধা দেয়। ওই সময় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খোকনসহ ৩০ জন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
পুলিশের ওপর ইট ছোড়ার সময় ১০ জনকে গ্রেপ্তার হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে খোকনের নেতৃত্বে হরতাল সমর্থকরা জেলা শহরের জেলখানা মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। ওই সময় বিএনপিকর্মীরা পুলিশের ওপর ইট ছুড়লে পুলিশ লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের লাঠিপেটায় আহতদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ দিপু, পৌর বিএনপি সভাপতি গোলাম কবির কামাল, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহজাহান মল্লিক প্রমুখ।
আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। খোকন একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24