লালমনিরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটে বিএনপির একটি কার্যালয়ে সরকার সমর্থকরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ এসেছে।
সদর উপজেলার গোকুণ্ডা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মঙ্গলবার প্রথম প্রহরে ধরানো আগুনে আওয়ামী লীগের দুই কর্মী আহত হওয়ায় তথ্য তুলে ধরে স্থানীয় বিএনপি এ অভিযোগ করেছে। অগ্নিদগ্ধ একজনকে নিজেদের কর্মী বলে স্বীকার করেছে ক্ষমতাসীন দল।
স্থানীয় বিএনপি নেতারা জানান, রাত সাড়ে ১২টার দিকে গোকুণ্ডা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হরতালবিরোধী মিছিল করে। মিছিল থেকে একদলকর্মী মোস্তফী বাজারে বিএনপি কার্যালয়ে ভাংচুর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
ওই সময় অগ্নিদগ্ধ হয় আওয়ামী লীগকর্মী মোস্তফা (৪২) ও যুবলীগকর্মী আনিছুর (৩৪)। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগ্নিকাণ্ডে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন গোকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খোরশেদ আলম মজনু।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাতে বিএনপি কার্যালয়ে কারা আগুন দিয়েছে, তা জানি না।"
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাংগা ইউনিয়নের বাসিন্দা মোস্তফা আওয়ামী লীগের কর্মী বলে স্বীকার করেছেন তিনি। ঘড়িয়ালডাংগা কুড়িগ্রাম জেলায় হলেও গোকুণ্ডা সংলগ্ন।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "অগ্নিকাণ্ডের ঘটনা শুনেছি। কিন্তু কেউ থানায় অভিযোগ করেনি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪২০ ঘ.
bdnews24