চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত না হলেও ট্রাক না থাকায় সে পণ্য বাইরে যাচ্ছে না।
রেল ও বিমান চলাচল স্বাভাবিক হলেও চট্টগ্রাম থেকে দূরপাল্লার কোনো বাস চট্টগ্রাম ছেড়ে যায়নি। মহানগরীর কোনো সড়কেই বাস, টেম্পু, সিএনজি ও প্রাইভেটকার চলাচল করতে দেখা যায়নি। অফিস আদালত খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিল কম। দোকান-পাট বন্ধ রয়েছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা গত দুই দিন পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে সভা করে হরতালে যানবাহন চলাচলের জন্য অনুরোধ করেছিলেন। তবে তাতে সাড়া মেলেনি, তা স্পষ্ট।
মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে অন্য দিনের মতোই চলছে পণ্য ওঠানামার কাজ।
বন্দরের সচিব সৈয়দ ফরহাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল থেকে বন্দরের সবগুলো জেটিতে পণ্য ওঠানামার কাজ চলছে। তবে বন্দর থেকে পণ্যবাহী কোন ট্রাক বের হয়নি।
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। হজ ফ্লাইটগুলোও যাত্রী নিয়ে এসেছে।
সকাল থেকেই নগরীতে যানবাহন না থাকায় ভোগান্তিতে পড়েছেন কর্মজীবীরা। সকাল থেকে কেউ হেঁটে অথবা চড়া ভাড়ায় রিকশায় চড়ে গন্তব্যে রওনা হন।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের কর্মকর্তা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মুরাদপুর মোড় থেকে ৮০ টাকা রিকশা ভাড়া দিয়ে কর্মস্থল কাস্টমস মোড়ে এসেছি, যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৩৩৪ ঘ.
bdnews24