২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার আদালত অবমাননার আবেদনের শুনানি হয়নি

হরতালে আদালত না বসায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আদালত অবমাননার আবেদনের শুনানি মঙ্গলবার হয়নি। বুধবার এর শুনানি হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 06:36 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে আদালত না বসায় বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আদালত অবমাননার আবেদনের শুনানি মঙ্গলবার হয়নি। বুধবার এর শুনানি হতে পারে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সকালে নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, "হরতালে বিচারপতি ও আইনজীবীরা না আসতে পারায় শুনানি হলে মামলার ক্ষতি হয় বলে মঙ্গলবার প্রধান বিচারপতি আদালত না বসার কথা জানিয়েছেন।" খালেদার আইনজীবীরা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আদালতে হাজির হননি জানিয়ে তিনি বলেন, "তারা চাইলে আগামীকাল (বুধবার) শুনানি হবে।" ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদার আপিল আবেদন সোমবার খারিজ করা হয়। সেই সঙ্গে খারিজ হয় তাকে ওই বাড়ি ফিরিয়ে দেওয়ার আবেদনও। এখন আদালত অবমাননার আবেদনটিই কেবল বিচারাধীন। খালেদার আইনজীবীদের অভিযোগ, শুনানির সুযোগ না দিয়েই আদালত অবমাননার আবেদন খারিজ করা হয়েছে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "আদালত মামলা উপস্থাপনের সুযোগ দেয়নি বলে যে অভিযোগ তারা (খালেদার আইনজীবীরা) করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। শুনানিতে মোট ৯০ মিনিট সময় নিয়ে তারা বলেন, আদালত অবমাননার আবেদনের শুনানি আগে করতে হবে।" আদালত অবমাননার শুনানি আগে করতে খালেদার আইনজীবীদের ইচ্ছার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিলো বলে মনে করেন সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম। ডেইলি স্টারে প্রকাশিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খোন্দকার মাহবুব হোসেনের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, "তিনি বলেছেন, প্রধান বিচারপতিকে তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মেনে নেবেন না। তাই তার বিরুদ্ধে অভিযোগ তোলার কৌশল হিসেবে তারা আদালত অবমাননার আবেদনের শুনানি আগে করার কথা বলেন।" বর্তমান প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তার বয়স অনুযায়ী অবসর নিলে আগামী তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা হওয়ার সুযোগ রয়েছে তার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এমআই/১২৩০ ঘ.