২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক: কর্তৃপক্ষ

হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল ও নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 05:48 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল ও নৌ চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস রাজধানীর টার্মিনালগুলো থেকে ছেড়ে যায়নি। রেলওয়ের মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরী মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নির্ধারিত সব ট্রেন কমলাপুর থেকে দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। কোনো ধরনের গোলযোগ হয়নি। "সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ট্রেন ছেড়ে গেছে। পাশাপাশি বিভিন্ন স্থান থেকে যথাসময়ে সব ট্রেন ঢাকায় কমলাপুর রেল স্টেশনে পৌঁছেছে", বলেন তিনি। ট্রেনগুলো চললেও হরতালের কারণে সপ্তাহের অন্য দিনে মতো কমলাপুর রেল স্টেশনে তেমন ভিড় দেখা যায়নি। কমলাপুর রেল স্টেশন কর্মকর্তারা জানান, ৭টা ৫০ মিনিটে 'মহানগর প্রভাতি', ৮টা ২০ মিনিটে 'কর্ণফুলী' এবং ৯টা ১০ মিনিটে 'চট্টলা এক্সপ্রেস' চট্টগ্রামের পথে ছেড়ে যায়। সকাল ৭টায় নোয়াখালীগামী 'উপকূল এক্সপ্রেস', সাড়ে ৭টায় দিনাজপুরগামী 'তিস্তা', সাড়ে ৯টায় জামালপুরগামী 'অগ্নিবীণা' এবং সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়াগামী 'তিতাস' কমলাপুর স্টেশন ছাড়ে। ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে আসা 'তিতাস' সকাল ১০টায়, জামালপুরের তাড়াকান্দি থেকে আসা 'অগ্নিবীণা' সকাল ৯টায় এবং চট্টগ্রাম থেকে আসা 'চট্টলা' সকাল সাড়ে ৮টায় কমলাপুর পৌঁছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ঢাকার সদরঘাটের ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান মাহফুজ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে জানান, সারাদিনে সদরঘাট থেকে ১৬টি লঞ্চ বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়। তিনি জানান, চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায় লঞ্চ সোনারতরী-১ ও নিউ মেঘনা রাণী। ফরিদপুরের উদ্দেশে ছেড়ে যায় শরীয়তপুর-১ ও সুরেশ্বর-১। মুন্সীগঞ্জের দিকে ছেড়ে যায় এমভি তানজিল এবং বরিশালের মুলাদির পথে যায় গেছে এমভি লামিয়া। স্বর্ণদ্বীপ-৮ লঞ্চের মালিক ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাত্রী না হওয়ায় শরিয়া-১ নামের লঞ্চটি চর ভৈরবীর উদ্দেশে ছেড়ে যায়নি। যে সব লঞ্চ ছেড়ে গেছে সেগুলোতে যাত্রী একেবারে কম ছিলো।" ঢাকার তিন টার্মিনাল সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী থেকে কোনো বাস ছাড়তে দেখা যায়নি। টার্মিনালে কোনো যাত্রীও দেখা যায়নি। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, ট্রানজিট চুক্তি বাতিল, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তার দুই ছেলেসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। মহাজোট সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের এটি তৃতীয় হরতাল। প্রথম হরতাল হয় ২৭ জুন। সর্বশেষ হরতালটি হয়েছে ১৮ দিন আগে ১৪ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেটি/আরএ/এমআই/১৭৫৭ ঘ.