২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ৩৮ জন গ্রেপ্তার

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ কাউকে জমায়েত হতে দিচ্ছে না। পুলিশ সেখানে অবস্থান নিয়ে পুরো কার্যালয় ঘেরাও করে রেখেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 05:06 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ কাউকে জমায়েত হতে দিচ্ছে না। পুলিশ সেখানে অবস্থান নিয়ে পুরো কার্যালয় ঘেরাও করে রেখেছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ ৩৮ জনকে গ্রেপ্তার করেছে। সকাল ৭টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হলে পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ সেখান থেকে দলের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, সাবেক মহিলা সাংসদ বিলকিস জাহান শিরিন, মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম মাহতাব, যুবদলের নেতা নুরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় নেত্রী সুলতানা জাহান নিশিতাসহ ১৮ জনকে গ্রেপ্তার করে। এখানে পুলিশের লাঠিপেটায় আহত হন কেন্দ্রীয় নেতা খোন্দকার আবদুল হামিদ ডাবলু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুর রহমান আল গনি, মহানগর (উত্তর) যুগ্ম আহবায়ক তারিকুল আলম তেনজিংসহ কয়েকজন নেতা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পুলিশ আরো ২০ জনকে গ্রেপ্তার করেছে। দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, "শিয়ালের মুরগি ধরার মতোই পুলিশ আমাদের নেতা-কর্মীদের ধরে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। এর মাধ্যমে সরকারের স্বৈরাচারী চেহারা ফুটে উঠেছে।" দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সকাল ৮টার দিকে তার বড় ছেলে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খোন্দকার আবদুল হামিদ ডাবলুকে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন। দলের কার্যালয়ে বর্তমানে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদিন ফারুক, জাহেদ আলী চৌধুরী, আবদুস সালাম, সেলিম রেজা হাবিব, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল লতিফ জনি, মেজবাহ উদ্দিন ফরহাদ, মহিলা দলের সভানেত্রী নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতৃবৃন্দ রয়েছেন। সকাল ৯টার দিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা নেতাদেরকে পুলিশ জোর করে কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেয়। পুলিশ কোনো নেতা-কর্মীকে দলীয় কার্যালয়ের সামনে দাঁড়াতে দিচ্ছে না। নয়া পল্টনে সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে রিকশাসহ যানচলাচল করছে। কার্যালয়ের সামনে উত্তর পাশের সড়কে র‌্যাব সদস্যদের একটি দল মোতায়েন আছে। এছাড়া রয়েছে জলকামান ও রায়ট কার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১১০৫ ঘ.