ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার ভোরে গাড়ি ভাংচুরের মধ্য দিয়ে রাজধানীতে শুরু হয় বিএনপির হরতাল কর্মসূচি। মালিবাগ, শান্তিনগর ও কাকরাইলে তিনটি মিনিবাস ও একটি ট্যাক্সিক্যাব ভাংচুর করা হয়।
মঙ্গলবার ভোরের দিকে রাজধানীর নয়া পল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। পুলিশ এসময় ১৫ জনকে গ্রেপ্তার করেছে বলে জানান বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী।
সকালে রাজধানীর তিতুমীর কলেজের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা টায়ারে আগুন ধরিয়ে রাস্তা বন্ধ করে রাখে। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে।
রাজধানীর শাহবাগ এলাকায় একটি ককটেল বিস্ফোরণ ঘটে।
দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, ট্রানজিট চুক্তি বাতিল, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ, তার দুই ছেলেসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ ১২ দফা দাবিতে প্রধান বিরোধী দল বিএনপি মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।
মহাজোট সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের এটি তৃতীয় হরতাল কর্মসূচি। প্রথম হরতাল হয় ২৭ জুন। সর্বশেষ হরতালটি হয়েছে ১৮ দিন আগে ১৪ নভেম্বর। সেনানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে উচ্ছেদের প্রতিবাদে এই হরতাল হয়।
দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীসহ ২০/৩০ জন নেতা-কর্মী সোমবার সন্ধ্যা ৭টা থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন।
হরতাল উপলক্ষে সকালে রাজধানীর বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের সমানে র্যাব সর্তকাবস্থায় রয়েছে। র্যাব ও পুলিশের গাড়ি টহল দিচ্ছে।
পুলিশ সকালে বিএনপির প্রধান কার্যালয় ঘিরে রাখে। পুলিশের তৎপরতার মুখে নেতাকর্মীরা কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ, কাছাকাছি স্থানে জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। কোন নেতাকর্মীকে দলীয় কার্যালয়ে যেতে দেওয়া হচ্ছে না বলে রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন।
সকাল ৭টার দিকে মৌচাক মোড়, ৮ টার দিকে শান্তিনগর ও কাকরাইলের কাছে পিকেটাররা তিনটি মিনিবাস ও একটি ট্যাক্সিকাবে ইটপাটকেল নিক্ষেপ করে ভাংচুর করে।
এছাড়া ফকিরেরপুল, পুরানা পল্টন, বিজয় নগর, কাকরাইল, তোপখানা রোড, মালিবাগ, মৌচাক, রামপুরা সড়ক, মগবাজার, বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বর, মতিঝিল, হাটখোলা, তেজগাঁওসহ বিভিন্ন সড়কে অন্যান্যদিনের তুলনায় যন্ত্রচালিত যান চলাচল কম চলছে। তবে রিকশা চলাচল করছে।
মানুষজন কেউ কেউ পায়ে হেটে গন্তব্যে যাচ্ছেন। রাজধানীর বেশিরভাগ এলাকায় প্রধান সড়কের দুই পাশে দোকানপাট ও বিপনী বিতানগুলো বন্ধ রয়েছে।
রাজধানীর সদরঘাট থেকে ৬টি লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারাদেশে মানুষ শান্তিপূর্ণ ও স্বত:স্ফুুর্তভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। তবে মীরপুর, পল
bdnews24