২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিছিলে হামলা-লাঠিপেটা, ভাংচুর-আগুন

হরতালের আগের দিন সোমবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে সরকার সমর্থকদের হামলা ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। রাজধানীতে বাসসহ নয়টি, সিলেটে দুটি এবং সাভারে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 05:48 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হরতালের আগের দিন সোমবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে সরকার সমর্থকদের হামলা ও পুলিশের লাঠিপেটার ঘটনা ঘটেছে। কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষের খবরও পাওয়া গেছে। রাজধানীতে বাসসহ নয়টি, সিলেটে দুটি এবং সাভারে একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এছাড়া রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের সামনে হাতে তৈরি বোমার বিস্ফোরণ ঘটেছে। হরতাল সামনে রেখে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়ও অব্যাহত রয়েছে। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী দাবি করেন, সোমবার রাজধানীসহ সারা দেশে বিএনপির ১৩শ' নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি অভিযোগ করেন, হরতালের প্রচারে পুলিশ ও ক্ষমতাসীন দলের 'ক্যাডাররা' বাধা দিচ্ছে। 'জনগণের সমস্যা সমাধানের দাবিতে' মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডেকেছে বিএনপি। শুক্রবার রাত থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার শুরু হয়। বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার দাবি করেন, দলের এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদে আরো হরতাল দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিএনপি নেতারা। অন্যদিকে বিরোধী দলের অভিযোগ নাকচ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে বা অহেতুক কাউকে গ্রেপ্তার করা হয়নি। সুনির্দিষ্ট অভিযোগেই গ্রেপ্তার করা হচ্ছে। সারা দেশে গ্রেপ্তারের জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে দায়ী করেন তিনি। ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ গণগ্রেপ্তারের অভিযোগ নাকচ করে দিয়েছেন। রাজধানী: সোমবার সন্ধ্যা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত এলিফেন্ট রোডে একটি ট্যাক্সিক্যাব, ফার্মগেট, কল্যাণপুর, বিমানবন্দর ও মিরপুর ১০ নম্বরের গোল চত্বর এলাকায় চারটি বাস, সিদ্বেশ্বরী ও কাঁটাবন মোড়ে দুটি প্রাইভেটকার, নীলক্ষেত মোড়ে একটি হিউম্যান হলার ও গুলশানে একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কারা এ ঘটনা ঘটিয়েছে পুলিশ জানাতে পারেনি। সন্ধ্যা ৬টায় টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেটে চারটি, সোয়া ৬টায় উপাচার্য ভবনের সামনে একটি এবং শাহবাগ মোড়ে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা নিশ্চিত করতে পারেনি । পুলিশ রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় বিকাল থেকে ঘেরাও করে রাখে বলে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী রাতে জানান। এ সময় বিএনপির যেসব নেতাকর্মী কার্যালয় থেকে বের হয়েছে তাদের গ্রেপ্তার করেছে বলেও দাবি করেন রিজভী। তবে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সেটা তিনি জানাননি। বিভিন্ন জেলায় লাঠিপেটা, হামলা-সংঘর্ষ ঢাকার সাভারে একটি ট্যাক্সিক্যাবে আগুন দিয়েছে অজ্ঞাতনামারা। পুলিশ বলেছে, হরতালের সমর্থকরা এই ঘটনা ঘটিয়েছে। চট্টগ্রাম নগরীতে কড়া পুলিশ পাহারায় মিছিল করেছে মহানগর বিএনপি। মিছিল শেষ হওয়ার পর সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ী এলাকা থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে। তারা একটি মিনিবাস ও একটি মাইক্রোবাস পোড়ায়। পুলিশ ১৭ জনকে আটক করে। পরে সাতজনকে ছেড়ে দেয়। জেলার বালাগঞ্জ উপজেলায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছে। এ সময় আটক করা হয়েছে বিএনপি ও যুবদলের দুই নেতাকর্মীকে। রাজশাহীর পবা উপজেলা সদরে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিএনপির স্থানীয় এক নেতাকে আটক করেছে পুলিশ। পাবনা শহরে সোমবার বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত পাঁচজন আহত হয়েছে। সদরসহ জেলার বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে বিএনপি দাবি করেছে। মাগুরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে বিএনপির চার কর্মীকে আটক করেছে। হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে অভিযোগ এনে ৩৪ ধারায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। খুলনায় রোববারের সংঘর্ষের ঘটনায় করা মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় খুলনা জেলা বিএনপি হুমকি দিয়েছে, মঙ্গলবারের হরতালে কোনো প্রকার বাধা দিলে বুধবারও হরতাল পালন করা হবে। নোয়াখালীতে হরতালের সমর্থনে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। পুলিশ মিছিল থেকে ছাত্র ও যুবদলের পাঁচ জনকে আটক করে। এছাড়া রোববার রাতে নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের সাত কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়। জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজারে বিএনপির মিছিলে সরকার সমর্থক যুবলীগ নেতাকর্মীদের হামলায় ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছেন দলের স্থানীয় নেতারা। কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। ফেনীর ফুলগাজীতে বিএনপির মিছিলে হরতাল বিরোধীদের হামলায় সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। ফেনীতে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির আট কর্মীকে। গাজীপুর শহর ও চান্দনা চৌরাস্তায় দু'টি মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়। আটক করা হয়েছে ১০ জনকে। শেরপুর শহরে বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ছয়জন আহত হয়েছে। আটক হয়েছে চারজন। নওগাঁর আত্রাই উপজেলায় বিএনপির মিছিল ও সমাবেশে পুলিশের লাঠিপেটা এবং আওয়ামী লীগ সমর্থকদের হামলায় একজন সাংবাদিকসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। হরতালে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এ আশংকায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বান্দরবানের লামা উপজেলায় বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটায় ১৫ নেতাকর্মী আহত হয়েছে। আটক হয়েছে ১৮ জন। কুড়িগ্রামের আটটি উপজেলা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল করেছে আওয়ামী লীগ ও বিএনপি। বরগুনায় গত দু'দিনে জামায়াতের এক নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নারায়ণগঞ্জে রোববার রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করা হয়। তাদেরকে গত ১৩ নভেম্বরের হরতালে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সিরাজগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৩ নভেম্বরের হরতালে সহিংসতার মামলায় তাদের কারাগারে পাঠানো হয়। মাদারীপুরে হরতালের সমর্থনে মাইকিং করার সময় পুলিশ একজনকে আটক করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হরতালের সমর্থনে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হরতালের সমর্থনে বের করা ছাত্রদলের মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে। এ সময় ছাত্রদলের এক কর্মীকে আটক করা হয়। টাঙ্গাইলের মধুপুর উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। নেত্রকোনায় দুজন, খাগড়াছড়িতে ১৩ জন, নড়াইলে সাবেক চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নরসিংদী, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া, সাভার ও ধামরাইয়ে বিএনপির মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, হরতালের পক্ষে-বিপক্ষে বগুড়া, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও বিএনপি মিছিল সমাবেশ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/এমএসবি/ ২৩৩৯ ঘ.