সিলেট, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটের বালাগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৭ জন আহত হয়েছে।
এ সময় আটক করা হয়েছে বিএনপি ও যুবদলের দুই নেতাকর্মীকে।
সোমবার বিকালে হরতালের সমর্থনে বালাগঞ্জ বাজারে বিএনপি নেতাকর্মীরা মিছিল করতে চাইলে পুলিশের সঙ্গে সংর্ঘষ বাঁধে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
দুপুর থেকে পুলিশ বালাগঞ্জ বাজারে বিএনপি কার্যালয় ঘিরে রেখে তাদের রাস্তায় নামতে বাধা দেয়।
বিকাল ৪ টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের করতে চাইলে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়।
পুলিশের লাঠিপেটার জবাবে বিএনপি নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষে আহতরা হলেন- বালগঞ্জ থানার (এসআই) বদরুল ইসলাম ও আবুল হোসেন, বিএনপি নেতা আব্দুল রশীদ, লুৎফুর রহমান, তোফায়েল আহমদ সোহেল, মামুনুর রশীদ সোহেল, যুবদল নেতা সাইফুল আহমদ, আলাল মিয়া, কাওসার আহমদ, ফাত্তাহ উদ্দিন, ইউনুস মিয়া, মোস্তাক আহমদ, রেজাউল, ছাত্রদল নেতা সাবুল আহমদ, মনসুর আহমদ, কামরুল ইসলাম, বদরুল মিয়া।
এদের মধ্যে আলাল মিয়া ও তোফায়েল আহমদকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
বালাগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, মিছিলের নামে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে বিএনপি নেতাদের বলা হয়। কিন্তু তারা পুলিশের উপর হামলা চালায়।
তিনি জানান, ঘটনাস্থল থেকে বিএনপি নেতা মামুনুর রশীদ সোহেল ও যুবদল কর্মী শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
বালগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে পুলিশ।
এছাড়া পুলিশ তাদের কার্যালয় তছনছ করে এবং আসবাব ভাংচুর করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৭ ঘ.
bdnews24