ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয় পুলিশ-র্যাব ঘেরাও করে রেখেছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব। এ অবস্থায় রাত ১০টায় সেখানে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।
কার্যালয়ের ভেতরে থাকা যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ ও র্যাব দলের কার্যালয়ের সামনে ঘেরাও করে রেখেছে। যেসব কর্মী কার্যালয় থেকে বেরিয়ে যাচ্ছেন, তাদের গ্রেপ্তার করছে। ফলে বেশ কিছু কর্মীসহ আমরা দলের কয়েকজন নেতা অবরুদ্ধ হয়ে আছি।"
সন্ধ্যায় সাড়ে ৬টায় সংবাদ ব্রিফিঙের পর দলীয় নেতা-কর্মীরা কার্যালয় থেকে বের হওয়ার সময়ে পুলিশ তাদের অনেককে গ্রেপ্তার করেছে বলে দাবি করেন তিনি। রিজভী বলেন, "সংবাদ ব্রিফিঙের পর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল কর্মীদের নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে।"
দলীয় কার্যালয়ের ভেতরে তিন তলায় দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নুসহ ১০/১২ জন নেতা অবস্থান করছেন বলে জানান রিজভী।
অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নয়া পল্টনে মহানগর কার্যালয় থেকে পুলিশ দুজন কর্মীকে আটক করে নিয়ে গেছে। তারা অফিসের কেয়ারটেকার হিসেবে কাজ করে।"
বিকাল সাড়ে ৪টা থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যার পর কার্যালয়ের সামনের সড়কে পুলিশ দাঁড়িয়ে ব্যারিকেড সৃষ্টি করে। নয়া পল্টনের পুরো সড়কের গলিতেও পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৩৮ ঘ.
bdnews24