২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রতিরোধে চট্টগ্রাম আ.লীগের আলাদা প্রস্তুতি

প্রধান বিরোধী দলের মঙ্গলবারের হরতাল প্রতিরোধে দুই ধারায় বিভক্ত নগর আওয়ামী লীগ আলাদা প্রস্তুতি নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 02:40 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দলের মঙ্গলবারের হরতাল প্রতিরোধে দুই ধারায় বিভক্ত নগর আওয়ামী লীগ আলাদা প্রস্তুতি নিয়েছে। সোমবার সন্ধ্যায় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা একটি কমিউনিটি সেন্টারে পরিবহন ব্যবসায়ী ও মালিক- শ্রমিকদের সঙ্গে সভা করেছেন। অপরদিকে মহিউদ্দিন বিরোধী হিসেবে পরিচিত চট্টগ্রাম- ৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও তার অনুসারীরা বিকালে লালদীঘিস্থ জেলা পরিষদ মার্কেট চত্বরে 'অবৈধ হরতালের' প্রতিবাদে সমাবেশ করেন। আওয়ামী লীগের দুই পক্ষের নেতারাই হরতাল সমর্থন না করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ধ্যায় পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পরিবহন নেতারা আওয়ামী লীগ নেতাদের আহ্বানের পরিপ্রেক্ষিতে নগরীতে যানবাহন চালানোর আশ্বাস দেন। তবে যানবাহনের ক্ষতি সাধন বা শ্রমিক- কর্মচারীরা আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নগর কমিটির সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু বলেন, "হরতালে কোন বিরোধপূর্ণ পরিবেশ সৃষ্টি হোক এটা আমরা চাই না।" তবে তিনি জানান, নগরীর ৩০ টি স্থানে দলীয় নেতাকর্মীরা মঙ্গলবার সকালে অবস্থান নেবে। উপস্থিত পরিবহন ব্যবসায়ী ও মালিক- শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, দেশ রক্ষায় আওয়ামী লীগের পাশাপাশি আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা হরতাল সমর্থন করবেন না। প্রশাসন আপনাদের পাশে আছে। এর আগে রোববার সন্ধ্যায় নগরীর কালামিয়া বাজারে একটি কমিউনিটি সেন্টারে পরিবহন মালিক- শ্রমিকদের সঙ্গে এক সভায় নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেছিলেন, হরতালে গাড়ি ভাংচুর হলে বা গাড়িতে অগ্নিসংযোগ হলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে। তিনি বলেন, "আপনারা গাড়ি বের করুন। মঙ্গলবার সকালে আমি নিজে গাড়ি নিয়ে বের হব।" সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা আ জ ম নাছির উদ্দিন, শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির আস্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফর আলী, শ্রমিক নেতা বখতেয়ার উদ্দিন খান, বেলায়েত হোসেন প্রমুখ। এছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মহানগর বাস- মিনিবাস মালিক- শ্রমিক সমিতি, সিএনজি অটোরিকশা চালক- মালিক ঐক্য পরিষদ ও রিকশা শ্রমিক- মালিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালে জেলা পরিষদ চত্বরে এক সমাবেশে নগর কমিটির সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, হরতাল করে কখনো সরকারের পতন ঘটানো যাবে না। শেখ হাসিনার নেতৃত্বে আগামী বারও সরকার ক্ষমতায় আসবে। দেশের সমৃদ্ধির ধারা অব্যাহত থাকবে। এর আগে শনিবার রাতে নগর কমিটির বাইরে গিয়ে হরতাল বিরোধী পৃথক সমাবেশের ঘোষণা দেন নুরুল ইসলাম। সোমবারের সমাবেশে নগর কমিটির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রেহানা কবির রানু, সাবেক ওয়ার্ড কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমসহ ওয়ার্ড পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ থেকে নেতারা মঙ্গলবার সকালে নিউমার্কেট চত্বরে অবস্থান নেওয়ার ঘোষণা দেন। এছাড়া মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগের কর্মীরা দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এইচএ/২০৩৪ ঘ.