ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের সমর্থনে সোমবার সারাদেশে মিছিল ও লিফলেট বিতরণে পুলিশ ও 'সরকারি দলের ক্যাডাররা' বাধা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় এক জরুরি সংবাদ ব্রিফিঙে দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী দাবি করেন, "সোমবার সারাদেশে পাঁচশরও বেশি নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের লাঠিপেটা ও সরকারি দলের কর্মীদের হাতে চারশরও বেশি কর্মী আহত হয়েছে।"
হরতালকে সামনে রেখে কোনো গণগেপ্তার হচ্ছে না বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদের দেওয়া বক্তব্যকে মিথ্যা হিসাবে অভিহিত করে রিজভী বলেন, "তিনি আওয়ামী লীগের প্রচার সম্পাদকের মতো বক্তব্য দিয়েছেন।"
বিকালে থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও র্যাব অবস্থান নেয়। সেখান থেকে রমনা থানা বিএনপি মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় এমএ হান্নানসহ সাত/আটজনকে পুলিশ গ্রেপ্তার করে বলে জানান রিজভী।
সন্ধ্যায় পুলিশ মহানগর বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
'পুলিশি নির্যাতনে সত্ত্বেও' মঙ্গলবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে বলে নয়া পল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ ব্রিফিংয়ে আশা প্রকাশ করেন রিজভী।
হরতালের সমর্থনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাকে (জাসাস) ট্রাকে করে প্রচার চালাতে পুলিশ অনুমতি দেয়নি বলে অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, "গত কয়েকদিন মাঝারি পর্যায়ের নেতাদের গ্রেপ্তার করেছে। আজ (সোমবার) তারা সিলেট, ময়মনসিংহ বিভিন্ন স্থানে কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তার করছে।"
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহসম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, সাবেক ছাত্র নেতা হাবিবুল ইসলাম হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৮৫১ ঘ.
bdnews24