খুলনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবারের হরতালে কোনো প্রকার বাধা দিলে বুধবারও খুলনায় হরতাল পালন করা হবে বলে হুমকি দিয়েছে জেলা বিএনপি।
সোমবার দুপুরে নগরীর কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ হুমকি দেওয়া হয়। প্রেস ব্রিফিং শেষে হরতালের সমর্থনে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
ওদিকে রোববার সন্ধ্যায় মঙ্গলবারের (৩০ নভেম্বর) হরতালের পক্ষে-বিপক্ষে বিএনপি ও আওয়ামী লীগের মিছিল চলাকালে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় সাতশ জনকে আসামি করে মামলা হয়েছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী রেজাউল করিম রেজা বাদি হয়ে রোববার গভীর রাতে মামলাটি দায়ের করেন।
মামলায় যে ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রেস ব্রিফিংয়ে মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু আওয়ামী লীগ ও যুবলীগের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "মঙ্গলবারের হরতালে কোনো প্রকার বাধা, অত্যাচার-নির্যাতন এবং হয়রানি করা হলে বুধবারও খুলনায় হরতাল পালন করা হবে।
"মঙ্গলবারের হরতাল সফল করতে প্রয়োজনে নেতা-কর্মীরা কাফনের কাপড় পরে জীবন দেওয়ার জন্যও প্রস্তুত থাকবে।"
এ সময় তিনি আরো বলেন, "রোববার বিএনপির মিছিলে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশের বিরুদ্ধে বিএনপির পক্ষ থেকে মামলা করা হবে।"
সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস জানান, পুলিশের দায়ের ওই মামলায় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ, বিএনপি কর্মী আবুল কালাম আজাদ, আলম হাওলাদার, শাহীন শেখ, আসগর আলী সরদার, শাহীনুর, আব্দুল হালিম সরদার, ফোরকান আলম, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, শেখ মো. বায়েজিদ, মিজানুর রহমান, শহীদ এবং ২০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন টারজানকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬১৬ ঘ.
bdnews24