২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যেকোনো মূল্যে সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে'

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোন মূল্যে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোন মূল্যে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে গোপালগঞ্জে না পাঠানো পর্যন্ত বিএনপি কর্মীরা ক্ষান্ত হবে না বলেও মন্তব্য করেন তিনি। ৩০ নভেম্বর হরতালের সমর্থনে রোববার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে আমীর খসরু নেতাকর্মীদের হরতাল সফল করার আহ্বান জানান। তিনি বলেন, "ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে যদি গোপালগঞ্জ গ্রহণ না করে তাহলে তাকে ভারতে পাঠাতে হবে।" হামলা চালিয়ে কিংবা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের মনোবল ধংস করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, "বর্তমান সরকার হামলা-মামলা ও গ্রেপ্তার করে বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। কিন্তু কখনোই নির্যাতন করে বিএনপিকে দমানো যাবে না।" সোমবার দুপুর ৩টায় একইস্থানে হরতালের সমর্থনে আরো একটি সমাবেশ করার ঘোষণা দেন আমীর খসরু। হরতাল সফল করার লক্ষে আয়োজিত ওই সমাবেশে নগর বিএনপির রাজনীতিতে আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত নেতাকর্র্মীরা অংশ নেননি। সমাবেশের আগে সকাল থেকেই নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। দলের সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা আবু সুফিয়ান, কেন্দ্রীয় মহিলা দলনেত্রী ফাতেমা বাদশা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/আরএ/পিডি/১৯৩৩ ঘ.