খুলনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের অন্তত ৭৫ জন আহত হয়েছেন।
বিএনপি নেতাদের দাবি, সংঘর্ষে তাদের বিএনপি সাংসদ নজরুল ইসলাম মঞ্জুসহ তাদের অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন।
যুবলীগের দাবি- ছাত্রলীগ ও যুবলীগের অন্তত ২৫ জন আহত হয়েছেন।
হরতালে পক্ষে-বিপক্ষে মিছিল বের করার পর রোববার সন্ধ্যা পৌনে ৬টায় নগরীর খানজাহান আলী সড়কে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
এ ঘটনার পর বিএনপি ও যুবলীগ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে।
বিএনপি নগরীর কে ডি ঘোষ রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে। অন্যদিকে আওয়ামী লীগ মিছিল বের করে লোয়ার যশোর রোডের দলীয় কার্যালয় থেকে। মিছিল দুটি খানজাহান আলী সড়কে আসার পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা একটি গাড়ি ভাংচুর করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে। নিক্ষেপ করে অন্তত ২৫ রাউন্ড কাঁদানে গ্যাস।
সংঘর্ষের ঘটনায় শেখ মো. বায়েজিদ, মাসুম পারভেজ ও কাজী মিজানুর রহমান নামে তিন বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
সংঘর্ষের পর দলীয় কার্যালয়ে মহানগর বিএনপি সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু এক সংবাদ ব্রিফিংয়ে জানান, তাদরে শান্তিপূর্ণ মিছিল খানজাহান আালী রোডের জামাত খানার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আওযামী লীগ ও যুবলীগের একটি মিছিল থেকে হামলা চালানো হয়। তারা বিএনপির মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার সেল নিক্ষেপ করে। এতে তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। এতে তিনি নিজেও আহত হন বলে জানান।
আহতদের মধ্যে শেখ মো. বায়েজিদ, মনির, মুকুল, টুটুল, হাশেম, মুসা, কিবরিয়া, মাসুদ, জাফর, শাহীনের নাম জানা গেছে। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা জেনারেল হাসপাতাল এবং বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
পুলিশ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলেও তিনি দাবি করেন।
এদিকে লোয়ার যশোর রোডের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. শামীম অভিযোগ করেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে যুবলীগের মিছিলের নির্ধারিত রুট পরিবর্তন করে অন্য রাস্তা দিয়ে যায়। কিন্তু পিছন থেকে বিএনপি নেতাকর্মীরা যুবলীগের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ এবং লাটিসোটা নিয়ে হামলা চালায়।
এতে যুবলীগ ও ছাত্রলীগের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে যুবলীগের সাবকে সহ-সভাপতি আমির হোসেন, সোনাডাঙ্গা থানা যুবলীগের আহ্বায়ক সালাম ঢালী, মহানগর যুবলীগের সদস্য সেলিম চৌধুরী, যুবলীগের তুহিন, জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সিটি কলেজ নেতা অমিতাভ ঘোষ, কমার্স কলেজের জনির নাম জানা গেছে। তাদের নগরীর সন্ধানী ও খুলনা ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, তারা কোনো হামলা চালাননি। বরং বিএনপির উচ্ছৃংখল নেতাকর্মীরা আওয়ামী লীগের মিছিলে ইট পাটকেল নিক্ষেপ করে।
নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) জুলফিকার আলী হায়দার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিপেটা, টিয়ার শেল নিক্ষেপ এবং
জল কামান ব্যবহার করেছে। সংঘর্ষে কয়েকজন সামান্য আহত হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বলেন, সংঘর্ষ চলাকালে গ্রেপ্তার তিনজন হলেন- শেখ মো. বায়েজিদ, মাসুম পারভেজ ও কাজী মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৫ ঘ.
bdnews24