নওগাঁ/গাইবান্ধা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নওগাঁ ও গাইবান্ধায় বিরোধীদল বিএনপির মিছিলে পুলিশের লাঠিপেটার খবর পাওয়া গেছে।
নওগাঁর ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
লাঠিপেটায় সেখানে কর্মসূচি পণ্ড হয়ে গেলেও পুলিশ বিষয়টি অস্বীকার করেছে।
আগামী ৩০ নভেম্বর হরতালের সমর্থনে শুক্রবার বিএনপি সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
নওগাঁ: বিকাল সাড়ে ৪টার দিকে শহরের মুক্তির মোড় এলাকায় শহীদ মিনারের পাদদেশে জেলা বিএনপি সমাবেশ আয়োজন করে। তবে সমাবেশ শুরুর আগে পুলিশ বাধা দেয় এবং মাইক খুলে নিয়ে যায়।
এই ঘটনায় বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। এতে ছত্রভঙ্গ হয়ে বিক্ষোভকারীরা কে ডি স্কুলের মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে জড়ো হয়। পুলিশ সেখান থেকেও তাদের বের করে দেয়।
দলের নেতারা দাবি করেছেন, বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে আসার সময়ও পুলিশ বাধা দিয়েছে।
সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, পুলিশের লাঠিপেটায় তাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছে।
এদের মধ্যে আছেন- দলের নেতা জহুরুল ইসলাম স্বপন, এ জেড এম রফিকুল আলম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস সালাম পিন্টু, যুবদল নেতা খালেকুজ্জামান বাবু, ছাত্রদল নেতা শামীমুর রহমান ও টুটুল।
আহতদের মধ্যে টুটুলকে নওগাঁ সদর হাসপাতাল এবং অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
তবে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সোহেল রেজা বলেছেন, কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি। কাউকে মেরে আহত করা হয়নি। কেবল সমাবেশ করতে নিষেধ এবং মিছিলকারীদের ধাওয়া করা হয়েছে।
গাইবান্ধা: জেলা বিএনপি বিকালে শহরে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ে সমাবেশ করে।
জেলা বিএনপি'র সভাপতি আনিসুজ্জামান খাঁন সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, হরতালের সমর্থনে তাদের মিছিলটি শহরের স্টেশন রোডের দাস বেকারির মোড়ে এলে পুলিশ লাঠিচার্জ করে।
তবে তারা আবার সংগঠিত হয়ে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
দলীয় কার্যালয়ে আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- জেলা কমিটির সাধারণ সম্পাদক গাওছুল আযম ডলার, ওয়াহেদুজ্জামান খান তিতু, শাকিল ইসলাম পাপুল প্রমুখ।
মিছিলে লাঠিপেটার ব্যাপারে গাইবান্ধা সদর থানার ওসি আকবর হোসেনের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৯ ঘ.
bdnews24