২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো হরতালের কথা বললেন মোশাররফ

সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামীতে আরো হরতাল ডাকার ইঙ্গিত দিলেন বিএনপির নীতি-নির্ধারকদের অন্যতম খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 12:32 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে আগামীতে আরো হরতাল ডাকার ইঙ্গিত দিলেন বিএনপির নীতি-নির্ধারকদের অন্যতম খন্দকার মোশাররফ হোসেন। তিনি শুক্রবার মুক্তাঙ্গনে এক সমাবেশে বলেন, "এক হরতালেই সরকার বেসামাল হয়ে পড়েছে। ভবিষ্যতে আরো কর্মসূচি দিলে তাদের অবস্থা কী হবে? এই হরতালই শেষ হরতাল নয়। ফ্যাসিস্ট সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম চলবেই।" বিএনপি আগামী ৩০ নভেম্বর দেশব্যাপী হরতাল ডেকেছে। তারা বলছে, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট সমাধান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদেই এ হরতাল। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, দলীয় চেয়ারপারসনের বাড়িছাড়ার বিষয় নিয়ে কার্যত হরতাল ডেকেছে বিরোধী দল। বর্তমান সরকারের সময়ে এটা বিএনপির দ্বিতীয় হরতাল। কয়েকমাস আগে আরেকটি হরতাল ডেকেছিলো তারা। সরকারি দল এ হরতালের সমালোচনা করে আসছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ সরকারি দলের সমালোচনার জবাবে বলেন, "হরতাল ঘোষণার পর থেকে কোনো কোনো মন্ত্রী আবোল-তাবোল বকতে শুরু করেছেন। বিএনপির দুই শাসনামলে ১৯৯১-৯৬ সালে ১৭৩ দিন এবং ২০০১-২০০৬ সালে ১৩১ দিন হরতাল করেছিলো আওয়ামী লীগ। তাই হরতালের বিরুদ্ধে কথা বলার কোনো নৈতিক অধিকার তাদের নেই।" গত ১৮ নভেম্বর প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের মামলায় যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ বিএনপির পাঁচজনকে জড়ানোর প্রতিবাদে মুক্তাঙ্গনে ওই সমাবেশ হয়। বোমা নিক্ষেপের ওই ঘটনাকে সাজানো দাবি করে মোশাররফ বলেন, "আন্দোলনে ভীত হয়ে তারা নাটক করে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। এভাবে আন্দোলন দাবিয়ে রাখা যাবে না।" যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনীর হোসেন মুনীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, যুব বিষয়ক সহ সম্পাদক মুজিবুল আলম স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করীম বাদরু, সাংগঠনিক সম্পাদক আকম মোজাম্মেল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩০ ঘ.