২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিএনপি'র হরতাল প্রত্যাখ্যান করছে আইনজীবী সমাজ'

বিএনপির ডাকা আগামী ৩০ নভেম্বরের হরতাল আইনজীবী সমাজ প্রত্যাখান করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 02:17 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা আগামী ৩০ নভেম্বরের হরতাল আইনজীবী সমাজ প্রত্যাখান করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সমিতির কার্যকরী কমিটির আওয়ামী লীগ সমর্থক অংশ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি একথা বলেন। বাড়ি রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচার ও গণতন্ত্র ব্যাহত করাসহ নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি এ হরতাল ডেকেছে বলে দাবি করেন হুমায়ুন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনসিহ বিভিন্ন ক্ষেত্রে সরকারে বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। প্রধান বিচারপতির বাসভবনে হাতবোমা নিক্ষেপ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনৈতিক কর্মসূচি ও ৩০ নভেম্বরের হরতালের প্রতিবাদে বৃহস্পতিবারের সভায় হুমায়ুন বলেন, "দলীয় মঞ্চ হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিকে ব্যবহার করতে দেওয়া যাবে না। একে প্রতিহত করার ক্ষমতা আইনজীবীদের রয়েছে।" তিনি আরো বলেন, মোগল সম্রাটদের মতো খালেদা জিয়ার ৬৭জন কর্মচারী রয়েছে। সেকথা বলায় ও বাড়ির ছবি দেখানোর জন্য আইএসপিআরের বিরুদ্ধে খালেদা আদালত অবমাননার মামলা করেছে। সাবেক আইনমন্ত্রী ও আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট আবদুল মতিন খসরু দাবি করেন, ব্যক্তি খালেদা জিয়ার স্বার্থ রক্ষার জন্য বিচার বিভাগকে জিম্মি করা হয়েছে। সমিতির সহসভাপতি অ্যাডভোকেট ফজলুল হক খান ফরিদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এএফএম মেজবাহউদ্দিন, বাংলাদেশ বার কাউন্সিল অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, বার কাউন্সিল মানবাধিকার কমিটির সভাপতি জেড আই খান পান্না, অ্যাডভোকেট মনসুরুল হক চৌধুরী, সমিতির সাবেক সম্পাদক মাহবুব আলী, নুরুল ইসলাম সুজন, এ এম আমিনউদ্দিন, শ ম রেজাউল করিম ও সহ-সম্পাদক মুশফিকুর রহমান সবুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২০০৭ ঘ.