ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হলেও বিরোধী দলে থেকেই সরকারের ভুল-ত্র"টি তুলে ধরতে চায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
তবে যুদ্ধাপরাধীদের বিচার এবং '৭২ এর সংবিধানের মূল ভিত্তি প্রতিষ্ঠায় সরকারকে সমর্থন দিতে আপত্তি নেই আওয়ামী লীগের এক সময়ের এই মিত্র দলটির।
বুধবার সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বৈঠকের পর কমিউনিস্ট দলটির মহাজোটে যোগ দেওয়া নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি হয়।
তবে এক সময় আওয়ামী লীগের সঙ্গে ১৫ ও ৮ দলীয় ঐক্যজোটে থাকলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা নাকচ করেছেন সিপিবি নেতারা।
বৈঠকের বিষয়ে জানতে চাওয়া হলে সিপিবি'র সাধারণ সম্পাদক সেলিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা বিরোধী দল হিসাবেই থাকতে চাই। আমরাই আসল বিরোধী দল। বিএনপি মেকি বিরোধী দল।"
রাজনৈতিক কর্মসূচির দিক থেকে বর্তমানে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে ফারাক নেই বলে সিপিবি মনে করে। এ কারণ দেখিয়ে সিপিবি মহাজোটে যোগ দেয়নি, যদিও তাদের রাজনৈতিক মিত্র ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, ন্যাপসহ কয়েকটি দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটে যোগ দেয়।
সেলিম বলেন, "সরকার যদি প্রকৃত অর্থেই যুদ্ধাপরাধীদের বিচার করতে চায়, তাহলে সিপিবি এই ইস্যুতে সমর্থন দেবে। একই সঙ্গে শুধু ৭২-এর সংবিধানে ফিরে গেলেই হবে না। ৭২-এর সংবিধানের মূল ভিত্তিকে প্রতিষ্ঠিত করে দেশ পরিচালনা করতে হবে।"
গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের অনুষ্ঠানে সিপিবি নেতাদের সঙ্গে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার কথা হয়। ওই সময় শেখ হাসিনা এক সময়ের এ মিত্র দলের নেতাদের সঙ্গে এখন সরাসরি আলোচনা না হওয়া নিয়ে খেদ প্রকাশ করেন।
এর পরিপ্রেক্ষিতেই মনজুর ও সেলিমকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমন্ত্রণ জানান বলে সিপিবির এক নেতা জানান।
তিনি নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের নেতারা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আমন্ত্রণে তার বাসভবনে গিয়েছিলেন। আমরা সরকারের বর্তমান অবস্থান সম্পর্কে ধারণা নিতে চেয়েছি। অন্যদিকে বিএনপির হরতালের আগে আওয়ামী লীগও বোঝাতে পারলো, সিপিবি'র সঙ্গে তাদের ভালো সম্পর্ক আছে।"
বর্তমান সরকারের সময়ে প্রথম হরতালটি ডেকেছিলো তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি, যার নেতৃত্বের ভূমিকায় আছে সিপিবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০০ ঘ.
bdnews24