২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারকে হুঁশিয়ারি দেলোয়ারের

হরতালে বাধা দিলে তার পরিণতি শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 10:07 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বাধা দিলে তার পরিণতি শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক যৌথসভার পর সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার তাদের শান্তিপূর্ণ কর্মসূচি 'বানচাল' করতে চেষ্টা চালাচ্ছে। আগামী ৩০ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতালে ভাংচুরসহ এ ধরনের যে কোনো কর্মকাণ্ড প্রতিরোধের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মঙ্গলবার বলেন, জনগণের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির লক্ষ্যে হরতালের আগে-পরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা হলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। একইদিন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, হরতালে কোনো ধরনের ভাংচুর বরদাশত করা হবে না। আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতেই বিএনপি মহাসচিব সরকারের প্রতি হুঁশিয়ারি দিলেন। দেলোয়ার বলেন, "আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে এখন থেকে বাধা দেওয়া হচ্ছে। সমাবেশ করতে দিচ্ছে না, দলের কার্যালয়ের সামনে পুলিশ দিয়ে ঘেরাও করে রেখেছে। মিথ্যা মামলা দিয়ে নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে। আমরা আশঙ্কা করছি, সরকার আরো ভয়ঙ্কর হয়ে উঠবে।" ৩০ নভেম্বরের হরতালের সমর্থনে বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার- এ তিনদিন জেলা-উপজেলায় এবং ২৮ নভেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি রয়েছে বিএনপির। দেলোয়ার অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপির মিছিলে পুলিশ বাধা দিচ্ছে। তিনি বলেন, "পিরোজপুর ও শরীয়তপুরে বিএনপির কার্যালয় ঘেরাও করে পুলিশ আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকার ও তার পোষ্য বাহিনী আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালে নানা রকম ষড়যন্ত্র করছে। এভাবে বাধা দেওয়া হলে তার পরিণতি শুভ হবে না।" মুক্তাঙ্গনে স্বেচ্ছাসেবক দলের বুধবারের সমাবেশ পুলিশ করতে দেয়নি অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, "আমরা শান্তিপূর্ণ হরতাল করতে চাই। এটি জনগণের কাছে তুলে ধরার জন্য সমাবেশ করার অনুমতি নিয়েছে। অথচ আজ (বুধবার) সকালে তা বাতিল করে দিয়েছে পুলিশ। এটা গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না।" প্রধান বিচারপতির বাসভবনে বোমাহামলাকে 'সাজানো' দাবি করে দেলোয়ার বলেন, "আন্দোলনের আমাদের প্রাণশক্তি হিসেবে চিহ্নিত নেতাদের দূরে সরিয়ে রাখতে সাজানো নাটক করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ওই সব নেতাদের এখন জামিন নিতেও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। হাইকোর্টে গিয়ে যাতে আগাম জামিন না নিতে পারে, সে জন্য পুলিশের চারটি টিমকে হাইকোর্টের ফটকে মোতায়েন করা হয়েছে।" সংবাদ সম্মেলনের আগে দেলোয়ারের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর যৌথসভা হয়। এতে অংশ নেন বিএনপির সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, শাহ মোয়াজ্জেম হোসেন, রাজিয়া ফয়েজ, আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল মান্নান, এজেডএম জাহিদ হোসেন, আবদুল হালিম, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এম হামিদুল্লাহ খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৫৫ ঘ.