রাজশাহী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতির ডাকা হরতাল পালিত হয়নি।
স্থানীয় সংসদ সদস্য শাহরিয়ার আলমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বুধবার পৌর এলাকায় এ হরতাল ডাকা হয়। আওয়ামী লীগ সংসদ সদস্য শাহরিয়ার বলেছেন, হরতাল আহ্বানকারীদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল থেকে উপজেলায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস ও দোকানপাট খোলা রয়েছে।
চারঘাট থানার ওসি হামিদুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল থেকে যান চলাচল এবং সব কার্যক্রম স্বাভাবিক আছে। পৌর এলাকায় কোনো হরতাল হয়নি।"
স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা যাত্রাপালা আয়োজন করতে চাইলে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম বিদ্যালয়গুলোতে পরীক্ষা চলার কারণ দেখিয়ে তা করতে দেননি। এর প্রতিবাদেই চারঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি অর্ধদিবস হরতাল ডাকেন।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। এই সময় যাত্রার অনুমতি চাইতে গেলে সংসদ সদস্য পরীক্ষার মধ্যে অনুষ্ঠান করতে বারণ করেন।"
এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, "দলীয় পরিচয়ে কয়েকজন উচ্ছৃঙ্খল, নেশাগ্রস্ত ও মাদক বিক্রেতা উপজেলার মুক্তারপুর ট্রাফিক মোড়ে যাত্রা করার অনুমতি চায়। প্রাথমিক সমাপনী পরীক্ষা ও স্কুল-কলেজের বার্ষিক পরীক্ষার কারণে অনুমতি না দেওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এ কর্মসূচি দিয়েছে।"
হরতাল আহ্বানকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
তবে মোজাফফর হোসেন বলেন, "সংসদ সদস্য দলীয় নেতাকর্মীদের কোনো খোঁজ-খবর রাখেন না। ফোন করলেও ধরেন না। এই ক্ষোভ ও হতাশার কারণে নেতাকর্মীরা তার বিরুদ্ধে হরতাল আহ্বান করে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৩০৪ ঘ.
bdnews24