২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল নিয়ে বিএনপিকে সতর্ক করলেন আশরাফ

বিএনপিকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হরতালের আগে-পরে ভাংচুর-অগ্নিসংযোগ হলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, হরতালের আগে-পরে ভাংচুর-অগ্নিসংযোগ হলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। বিরোধী দল হরতাল ডাকার পরদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের জরুরি এক বৈঠকের পর মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক আশরাফ। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির কার্যালয়ে এ বৈঠক হয়। সৈয়দ আশরাফ জানান, কার্যনির্বাহী সংসদের ঢাকায় উপস্থিত সদস্যদের নিয়ে এ বৈঠক হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে ৩০ নভেম্বর সারাদেশে হরতাল ডেকেছে। সোমবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে হরতালের পাশাপাশি ছয় দিন মিছিল-সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়। জনগণের মধ্যে ভয়-ভীতি সৃষ্টির লক্ষ্যে হরতালের আগে-পরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ। কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, "পরিস্থিতি এমন দিকে নেবেন না যাতে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়।" কাদা ছোড়াছুড়ির রাজনীতি পরিহারেরও আহ্বান জানান আশরাফ। তিনি বলেন, "কাদা ছোড়াছুড়ির রাজনীতির পরিণাম এক-এগারোর পর দেশের মানুষ দেখেছে।" আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হরতাল প্রসঙ্গে বলেন, "বলাবলি হচ্ছিল- বাজারে হরতালের গুজব ছড়ানো হচ্ছে। এখন বিএনপি ৩০ তারিখ হরতাল ডেকেছে। হরতালের দিন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ব্যবস্থা নেবে।" হরতাল আহবানকে 'দুঃখজনক' আখ্যায়িত করে আশরাফ বলেন, "দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন হরতালের ঘটনা দুঃখজনক। তৈরি পোশাক শিল্পের রপ্তানি এক কোটি থেকে দুই কোটি ডলারে চলে যাবে কয়েক বছরের মধ্যে। সব সূচকেই বলা হচ্ছে- বাংলাদেশ উদীয়মান অর্থনৈতিক শক্তি।" ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে খালেদা জিয়ার আইনজীবীরা উদ্দেশ্যপ্রনোদিতভাবে হাইকোর্টের রায় স্থগিতের জন্য আপিল করেনি- এই দাবি করে আশরাফ বলেন, "নাজমুল হুদাও একই কথা বলেছেন।" বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলে আসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্যেই কেন্দ্রীয় কমিটির এ জরুরি বৈঠক হলো। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে বিদেশ সফরে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/২২৩৯ ঘ.