২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত অবমাননার মামলা খালেদার

বাড়ি থেকে উচ্ছেদের মাধ্যমে আদালত অবমাননা হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার প্রতিকার চেয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 06:18 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়ি থেকে উচ্ছেদের মাধ্যমে আদালত অবমাননা হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তার প্রতিকার চেয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া হওয়ার ১০ দিনের মাথায় মঙ্গলবার ওই বিষয়ে সরকার ও সেনানিবাস বোর্ডের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন তিনি। মইনুল সড়কের ওই বাড়িটি আগের অবস্থায় ফেরত চেয়েও একটি আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন। খালেদার কৌঁসুলি মাহাবুবউদ্দিন খোকন সাংবাদিকদের জানিয়েছেন, আগামী ২৯ নভেম্বর আবেদন দুটির শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহা। বাড়ি ছাড়া নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদার আপিল আবেদনের (লিভ টু আপিল) শুনানির জন্যও ২৯ নভেম্বর দিন নির্ধারিত রয়েছে। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে সেদিন আপিল আবেদনের শুনানির পাশাপাশি মঙ্গলবার করা দুটি আবেদনের শুনানিও হবে বলে সরকারের আইন কর্মকর্তা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান সাংবাদিকদের জানিয়েছেন। শুনানিতে খালেদার কৌঁসুলি মওদুদ আহমেদ বলেন, "এ বিষয়ে (বাড়ি) লিভ টু আপিলের শুনানি চলছে। এ অবস্থায় সরকারের পদক্ষেপ আদালত অবমাননার শামিল।" খালেদা যাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন তারা হলেন- প্রতিরক্ষা সচিব খন্দকার আসাদুজ্জামান, মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান শিকদার, সামরিক ভূ-সম্পত্তি অধিদপ্তরের পরিচালক মর্তুজা আহমেদ, উপপরিচালক শফিকুল আহমেদ, মিলিটারি এস্টেট অফিসার এসএম ইমদাদুল হক, সেনানিবাস বোর্ডের চেয়ারম্যান তানবীর হাসান মজুমদার এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক শাহীনুল ইসলাম। আদালতের এখতিয়ারাধীন বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া ক্ষমার অযোগ্য অপরাধ- এ বিষয়টি তুলে ধরে আদালত অবমাননার জন্য এ আট জনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সর্বোচ্চ আদালতের প্রতি আবেদন করেছেন খালেদা। বাড়ি ফিরিয়ে দেওয়ার পাশাপাশি সেখানকার স্থাপনা এবং আসবাবপত্র যেভাবে আছে সেভাবে রাখার নির্দেশ দিতেও আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। খালেদার আবেদনে বলা হয়, গত ১৩ নভেম্বর তাকে মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদের সময় হেনস্তা করা হয়। সেদিন বাড়িছাড়া হওয়ার পরও একই অভিযোগ করেন খালেদা। তবে আইএসপিআর সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলে, খালেদা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। উল্টো খালেদার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনে তারা। সেনানিবাসের ওই বাড়ি ছাড়তে এ বছরের এপ্রিল ও মে মাসে খালেদাকে তিন দফা নোটিশ দেওয়া হয়। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার করা রিট আবেদন গত ১৩ অক্টোবর খারিজ করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের রায়ে বলা হয়, সরকারি সম্পত্তি যেভাবে খালেদাকে ইজারা দেওয়া হয়েছিলো, তা ছিলো অবৈধ। হাইকোর্ট ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করতে বলে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা আপিলের আবেদন (লিভ টু আপিল) করেন আপিল বিভাগে। তবে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করায় হাইকোর্টের দেওয়া সময়সীমা গত ১২ নভেম্বর অতিক্রান্ত হওয়ার পরপরই ওই বাড়ি খালি করার উদ্যোগ নেওয়া হয়। খালেদার আইনজীবীরা দাবি করে আসছেন, আপিল বিভাগে শুনানি চলা অবস্থায় বাড়ি খালি করার পদক্ষেপ বেআইনি হয়েছে। এজন্য ঘটনার দিন তারা প্রধান বিচারপতির সঙ্গেও দেখা করেন। মওদদু মঙ্গলবার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় তাকে বেআইনিভাবে জোর করে বাড়ি থেকে তুলে দেওয়া হয়েছে। এজন্য আমরা আজ দুটি আবেদন করেছি। আগামী ৩০ নভেম্বর আগের দুটিসহ চারটি আবেদনের শুনানি হবে।" এর আগে আপিলের আবেদনের পাশাপাশি হাইকোর্টের রায় স্থগিতের আবেদনও করেন খালেদা। সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ বিষয়ে আগে বলেছিলেন, সরকার হাইকোর্টের রায় মেনেই কাজ করছে। হাইকোর্টের রায় স্থগিতের আবেদন শুনানিতে পরিচালনা না করার জন্য খালেদার আইনজীবীদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এর প্রতিক্রিয়ায় মওদুদ বলেন, অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে ধূম্রজালের সৃষ্টি করেছেন। খালেদার কৌঁসুলিদের দাবি, আপিলের আবেদনের শুনানি চলার সময় পূর্বে দেওয়া রায় স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয়ে যায়। তবে অ্যাটর্নি জেনালেলের দাবি, এ আবেদন শুনানিতে পরিচালনা করতে হয়। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত ব্যারিস্টার নাজমুল হুদার বক্তব্যও অ্যাটর্নি জেনারেলকে সমর্থন করে। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়। খালেদাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে গত ১৪ নভেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালও ডাকে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৫ ঘ.