ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মগবাজারে জামায়াত ইসলামীর প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে পুলিশ।
সোমবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রায় এক ঘণ্টা এ অভিযান চালায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার ওসি শিবলী নোমান।
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি রেজাউল করিমকে গ্রেপ্তারে এ অভিযান চালানো হয় বলে পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়।
ওসি শিবলী জানান, গোয়েন্দা পুলিশ সন্ধ্যার পর প্রায় এক ঘণ্টা জামায়াত কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে কার্যালয়ের প্রতিটি কক্ষ তল্লাশি করে পুলিশ। তল্লাশি শেষে কিছু না পেয়ে চলে যায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পিলখানা ও পল্টন হত্যাকাণ্ড অপেক্ষা করছে বলে গত ২৮ অক্টোবর ঢাকায় এক আলোচনা সভায় হুমকি দেন রেজাউল। হুমকি দিয়ে তিনি সভাস্থল ছেড়ে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যান।
এ ঘটনার প্রেক্ষিতে গত ২ নভেম্বর রেজাউলসহ আটজনের বিরুদ্ধে চট্টগ্রামে মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তৈয়ব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএম/পিডি/২১০৫ ঘ.
bdnews24