ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার দলীয় সাংসদ মুক্তিযোদ্ধা লুৎফুল হাই সাচ্চুর মৃতদেহ বাদ মাগরিব গুলশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজার পর এ্যাপোলো হাসপাতালে রাখা হয়েছে।
আওয়ামী লীগ নেতা ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য লুৎফুল সোমবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, মেয়ে ও ছেলে রেখে গেছেন।
লুৎফুল হাইয়ের ব্যক্তিগত সহকারী (পিএস) ইকবাল বিন মতিন সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জানাজার পর তার লাশ এ্যাপোলো হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
তিনি জানান, স্বারষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জানাজায় অংশ নেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যাওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি দুপুরে জানান, লুৎফুল হাই সাচ্চুর মৃত্যুর খবরে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিপুল সংখ্যক নেতাকর্মী তার মৌলভীপাড়ার বাসভবনে ভিড় করেছে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল হক সেন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে হঠাৎ করে অসুস্থ বোধ করলে লুৎফুল হাইকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোয়া ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লুৎফুল হাই বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
লুৎফুল হাই ১৯৪০ সালের ১০ অগাস্ট পাবনা জেলায় জন্মগ্রহণ করেন।
তার মৃত্যুতে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, ডেপুটি স্পিকার শওকত আলী, চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তথ্য এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ, ড. রেজা কিবরিয়া প্রমুখ শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/পিসি/পিডি/১৯৪৩ ঘ.
bdnews24