ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যামামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারো বাড়িয়েছে আদালত।
সোমবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দের চার মাসের সময় আবেদনের শুনানি গ্রহণ করে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজিলা বেগম আগামী বছরের ৭ মার্চ প্রতিবেদন দাখিলের জন্য আবারো তারিখ রাখেন।
মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় সাতবার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছানো হলো।
ওই ঘটনায় দায়ের বিষ্ফোরক মামলার তদন্ত প্রতিবদেন দাখিলের সময়ও বেশ কয়েকবার বাড়ানো হয়েছে একই তদন্ত কর্মকর্তার আবেদনে।
২০০৪ সালের ২১ অগাস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকে।
এ ঘটনায় দায়ের হত্যামামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্যগ্রহণের পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন।
পরে হত্যামামলাটি দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং বিষ্ফোরক মামলা ঢাকার মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।
২১ অগাস্টের ঘটনায় মতিঝিল থানায় মামলা হয়। পরে হত্যা, হত্যা চেষ্টা এবং বিষ্ফোরক দ্রব্য আইনে মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে পৃথক অভিযোগপত্র দাখিল করা হয়।
অভিযোগপত্র দাখিলের পর দুই মামলা হিসাবে বিচার শুরু হয়। পরে দুই মামলায়ই অধিকতর তদন্তের আবেদন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/কেএমএস/১৫৩৭ ঘ.
bdnews24