২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের গুজব ছড়াচ্ছে সরকার: বিএনপি

বিএনপি অভিযোগ করেছে, তারা কোনো কর্মসূচি ঘোষণা না করলেও হরতালের গুজব ছড়ানো হচ্ছে। এ জন্য সরকারকেই দায়ী করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 07:12 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি অভিযোগ করেছে, তারা কোনো কর্মসূচি ঘোষণা না করলেও হরতালের গুজব ছড়ানো হচ্ছে। এ জন্য সরকারকেই দায়ী করেছে তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, "সরকার হরতালের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।" দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি নিয়ে ঈদের আগে হরতাল ডাকে বিএনপি। ঈদের পর রোববারও হরতাল ডাকা হয়েছে বলে সারাদেশে গুজব রয়েছে। এ বিষয়ে নিশ্চিত হতে গত কয়েকদিনে সংবাদ মাধ্যমে টেলিফোন করছে অসংখ্য মানুষ, যাদের অনেকে ঈদের ছুটিতে বাড়ি গেছেন। খালেদার বাড়ি ছাড়া নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি রয়েছে বিএনপির। ঈদের পর কর্মসূচি দেওয়া হবে বলে দলটি ইতোপূর্বে জানিয়েছিলো। আলমগীর বলেন, "আমরা ইতোমধ্যে বলেছি, দলের স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলন কর্মসূচি চূড়ান্ত হবে। কিন্তু সরকার পরিকল্পিতভাবে হরতালের অপপ্রচার চালাচ্ছে।" বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৬তম জন্মদিন উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে 'ফি মেডিকেল ক্যাম্প' উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানেই সাংবাদিকদের সঙ্গে কথা হয় আলমগীরের। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আন্দোলন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের বলেন, "যে কোনো কর্মসূচি নির্ধারিত হয় ক্ষমতাসীন সরকারের আচরণ ও কর্মকাণ্ডের ওপর। সরকার ইস্যু সৃষ্টি করে, তার প্রতিবাদে বিরোধী দল কর্মসূচি দিয়ে থাকে।" ঈদুল আজহার তিন দিন আগে ১৪ নভেম্বর দেশব্যাপী হরতাল ডাকে বিএনপি। হরতাল সফল হয়েছে বলে বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগ বলেছে, জনগণ এ হরতাল প্রত্যাখ্যান করেছে। ১৪ নভেম্বরের হরতাল ছিলো বর্তমান সরকারের সময়ে বিএনপির দ্বিতীয় হরতাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩০৪ ঘ.