২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনাস্থা সম্পর্কিত আশরাফুলের বক্তব্য বিএনপির নাকচ

জাতীয় সংসদে এসে অনাস্থা প্রস্তাব উত্থাপন সংক্রান্ত সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য নাকচ করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 07:06 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে এসে অনাস্থা প্রস্তাব উত্থাপন সংক্রান্ত সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য নাকচ করে দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার সকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আশরাফুলের বক্তব্য নাকচ করে দেন। তিনি বলেন, "সংসদে সরকারি দলের আসন সংখ্যা ২৫০ এর অধিক। সৈয়দ আশরাফ অনাস্থা প্রস্তাবের যে কথা বলেছেন, উনি ভালো করেই জানেন, আসন সংখ্যার ভিত্তিতে আমাদের সেই প্রস্তাব আনার সুযোগ নেই। অনাস্থা প্রস্তাব কি হবে- তা তো বুঝি। আবার তিনি (সৈয়দ আশরাফ) এমনও বলেছেন, তা না হলে ৫ বছর পর্যন্ত বিরোধী দলকে অপেক্ষা করতে হবে।" শুক্রবার যাত্রাবাড়িতে ওড়াল সেতুর নির্মাণ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের কাছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, "সংসদে এসে অনাস্থা প্রস্তাব দিন, নইলে ৫ বছর অপেক্ষা করুন। নির্বাচন ছাড়া সরকার বদলের আর কোনো পথ নেই।" বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় জানান, সৈয়দ আশরাফ ৫ বছর অপেক্ষা করতে বলেছেন। স্বৈরাচার এরশাদও নির্বাচন করে ক্ষমতায় ছিলেন। কিন্তু মেয়াদ পুরণ করতে পারেননি। তার বিরুদ্ধে আন্দোলন যদি বেআইনি না হয়, তা হলে বর্তমান সরকার পতনের আন্দোলনও বেআইনি হবে না। আমরা আইনসম্মতভাবে নিয়মতান্ত্রিক পথেই জনগনের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছি।" দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৬তম জন্মদিন পালন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত 'ফ্রি মেডিকেল ক্যাম্প' উদ্বোধনকালে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন। গয়েশ্বর বলেন, "যেকোনো কর্মসূচি নির্ধারিত হয়- ক্ষমতাসীন সরকারের আচরণ ও কর্মকাণ্ডের ওপর। সরকার ইস্যু সৃষ্টি করে, তার প্রতিবাদে বিরোধী দল কর্মসূচি দিয়ে থাকে।" লন্ডনে চিকিৎসাধীন তারেকের শারীরিক অবস্থা সর্ম্পকে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "তার চিকিৎসা চলছে। চিকিৎসার পাশাপাশি আমরা শুনেছি তিনি লেখাপড়াও করছেন।" কবে নাগাদ দেশে ফিরবেন- এ প্রশ্নের জবাবে তিনি জানান, তারেকের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে, তার চিকিৎসার ওপর। তিনি সুস্থ হয়ে উঠলেই দেশে ফিরবেন। ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেককে যৌথ বাহিনী গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৩ টি মামলা দায়ের করা হয়। সবগুলো মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়ে ২০০৮ সালের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে লন্ডন যান তারেক। এর আগে সকাল ১১টায় ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে এই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের ব্যবস্থাপত্রে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছাত্র দলের উদ্যোগে দুপুরে কোরানখানি ও বিকালে বিএনপির আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর বগুড়ায় জন্মগ্রহন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম কেএমএস/১২৫৯ ঘ.