২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তদন্তের আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনভিপ্রেত: বিএনপি

প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের জন্য বিরোধী দলকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, তদন্তের আগে তার এ বক্তব্য অনভিপ্রেত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 12:10 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের জন্য বিরোধী দলকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের নিন্দা জানিয়ে বিএনপি বলেছে, তদন্তের আগে তার এ বক্তব্য অনভিপ্রেত। প্রধান বিরোধী দল প্রধান বিচারপতির বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। বৃহস্পতিবার রাতে হেয়ার রোডে সুরক্ষিত এলাকায় প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সরকারি বাড়িতে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে জড়িত কাউকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত চিহ্নিত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বোমাহামলায় বিরোধী দল জড়িত- এমন ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সেদিন বলেন, "যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপ করেছে।" এর আগে সরকারের বিভিন্ন মন্ত্রী বলে আসছিলো, বিরোধী দল দেশকে অস্থিতিশীল করতে চাইছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, "তদন্তের আগে বিরোধী দলকে অভিযুক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য অনভিপ্রেত ও দুঃখজনক। কেবল তাই নয়, তদন্তের আগে এভাবে কথা বলাটা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।" বোমাহামলার ঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে, তাতে অবশ্য আসামির নাম উল্লেখ করা হয়নি। বিএনপি নেতাদের আশঙ্কা, ওই মামলায় তাদের দলের কয়েকজনের নাম জড়ানো হচ্ছে। আলমগীর বলেন, "সরকার প্রথম থেকে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার জন্য একের পর এক মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে যাচ্ছে। প্রধান বিচারপতির বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা তদন্তের আগে যদি এভাবে আমাদের নেতা-কর্মীদের অভিযুক্ত করে মামলা দেওয়া হয়, তা নিয়েও জনমনে প্রশ্ন উঠবে।" তারেক রহমানের জন্মদিন উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত মিলাদে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল। মিলাদ মাহফিলের পর আলোচনা সভায় তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "দেশ এক গভীর সঙ্কটের দিকে এগোচ্ছে। এ সরকারের হাত থেকে মাটি ও মানুষকে বাঁচাতে আমাদের দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে হবে।" মিলাদে বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব, সহসভাপতি আবদুস সালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোরতাজুল করীম বাদরু অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮০০ ঘ.