ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণমানুষের নেতা আব্দুল হামিদ খানের (মাওলানা ভাসানী) মৃত্যুবার্ষিকী পালিত হয় বুধবার।
এ উপলক্ষে বিভিন্ন সংগঠন স্মরণসভা, কাঙ্গালী ভোজ, ফাতেহা পাঠ ও নানা কর্মসূচির আয়োজন করে।
তিনি তৎকালীন আওয়ামী মুসলিম লীগের (বর্তমান আওয়ামী লীগ) প্রতিষ্ঠাতা। পরবর্তীতে তিনি আওয়ামী ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) গঠন করেন। মুক্তিযুদ্ধে জাতীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
কৃষক-শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রধান বিরোধী দল বিএনপি, ন্যাপসহ বিভিন্ন সংগঠন দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে। এর মধ্যে রয়েছে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর কবর জিয়ারত, ফাতেহা পাঠ, স্মরণসভা ও কাঙ্গালী ভোজ।
১৮ নভেম্বর মৌলভীবাজারের কুলাউড়ায় স্মরণসভা ও দোয়া মাহফিল। ১৯ নভেম্বর সন্ধ্যায় টাঙ্গাইলে মুরিদ সম্মেলন।
ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাণী দিয়েছেন। তিনি বলেছেন, "আমাদের জাতীয় ইতিহাসে মাওলানা ভাসানী এক প্রাতঃস্মরণীয় নাম। সাম্রাজ্য ও আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ তিনি।"
১৯০৭ সালে ভারতের দেওবন্দে পড়াশুনা করতে গিয়ে আসামে প্রবাসী বাঙালীদের অধিকার আদায়ের সংগ্রামে জড়িয়ে পড়েন। এসময় তিনি ১৩ বার জেল খাটেন। ১৯১৯ সালে খেলাফত আন্দোলনে যোগ দিয়ে আবারো কাররুদ্ধ হন তিনি।
১৯২৯ সালে আসামের ধুবড়ী জেলার ভাসান চরে প্রথম কৃষক সম্মেলন করেন। ওই সম্মেলনে আব্দুল হামিদ খানকে 'ভাসানী' উপাধি দেওয়া হয়। ১৯৪৪ সালে তিনি আসাম প্রদেশ মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৪৯ সালের ২৩ জুন তৎকালীন পূর্ব বাংলায় গঠন করেন আওয়ামী মুসলিম লীগ।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সহযোগিতা করার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। ১৯৫৪ সালে শেরে বাংলা ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে যুক্তফ্রন্ট গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
ভাসানী ১৯৫৭ সালে গঠন করেন ন্যাশনাল আওয়ামী পার্টি। আইয়ূব বিরোধী আন্দোলনে যোগ দেওয়ায় তাকে ৫ বছর কারারুদ্ধ রাখা হয়। মুক্তি পান ১৯৬৩ সালে।
'৭১-এ মুক্তিযুদ্ধ চলাকালে তিনি অন্য নেতাদের সঙ্গে ভারতে চলে যান। ওই সময় গঠিত জাতীয় উপদেষ্টা পরিষদে সদস্য করা হয় তাকে।
১৯৭৬ সালের ১৬ মে ভাসানী রাজশাহী থেকে ফারাক্কার উদ্দেশ্যে লং মার্চের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/১৮১৮ ঘ.
bdnews24