২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বোমা মেরে বিএনপি নেতাকে হত্যা

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত আলী (৫০) দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 02:11 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

যশোর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শওকত আলী (৫০) দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঝিকরগাছা বাসস্ট্যান্ড এলাকায় দলীয় নেতা শফিউল আজম রুমীর কার্যালয়ে তিনি বোমা হামলার শিকার হন বলে পুলিশ জানিয়েছে। শওকত আলী নির্বাসখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। ঘটনার পরপরই স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ঝিকরগাছা সদরে মিছিল বের করে এবং যশোর-বেনাপোল সড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। ঝিকরগাছা থানার ওসি আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শওকত সন্ধ্যার দিকে শফিউলের কার্যালয়ে বসে গল্প করছিলেন। পৌনে ৭টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সেখানে একটি বোমা মারে। এতে শওকত ও শহিদুল ইসলাম নামে একজন আহত হন। ওসি জানান, গুরুতর আহত শওকতকে সঙ্গে সঙ্গে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পৌনে ৮টার দিকে তিনি মারা যান। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কল্লোল সাহা ইউপি চেয়ারম্যান শওকত আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার পরপর বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশের অনুরোধ তারা অবরোধ তুলে নেয় বলে ওসি রাজ্জাক জানান। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা যায়নি। এদিকে, হাসপাতালে ইউপি চেয়ারম্যান শওকতের মৃত্যুর খবর পেয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা রাত ৮টার দিকে শহরে বিক্ষোভ মিছিল বের করে। এছাড়া শওকতের শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১২ ঘ.