ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কারণে রোববার চরম দুর্ভোগের শিকার হন ঈদে ঘরে ফেরা যাত্রীরা।
ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়তে পারেনি বিকাল পাঁচটা পর্যন্ত। হাজার হাজার যাত্রীকে দিনভর অপেক্ষা করতে হয় কাউন্টারগুলোতে।
সবার একই প্রশ্ন- কখন ছাড়বে বাস? কখন পৌঁছবে তারা গন্তব্যে ?
এসব প্রশ্নের উত্তর দিতে পরেনি বাস কাউন্টারের লোকজন। তবে বিকাল পাঁচটার পর ু দূরপল্লার কিছু বাস ঢাকা থেকে ছাড়তে শুরু করে।
সকাল থেকে বিকাল পর্যন্ত সরজমিন রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে এই চিত্রই দেখা যায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে দলটি রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলীর সুরভি পরিবহনের কাউন্টারে অপেক্ষা করছিলেন মিলন আহমেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের সময় বাসের টিকিট মানে সোনার হরিণ। অনেক কষ্টে ১৪ তারিখের টিকেট সংগ্রহ করেছিলাম। কিন্তু হরতালের কারণে সকালের গাড়িতে এখনো উঠতে পারিনি। কখন পারবো তাও জানিনা।"
বাস কাউন্টারের লোকজন জানিয়েছেন, গত দশ দিন ধরে ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। হঠাৎ হরতাল ডাকায় যাত্রীদের মতো তারাও সমস্যায় পড়েছেন।
হরতালের কারণে সোহাগ ও ঈগল পরিবহনের যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়।
গাবতলীর সোহাগ কাউন্টারের মো. মুকুল হোসেন বলেন, হরতালের ঘোষণা আসার পর যাত্রীদের ফোন করে জানানো হয়, যারা টিকিট ফেরত দিতে চান, তারা দিতে পারবেন। এরপর অনেকে টিকিট ফেরত দিয়ে গেছেন।
ঈগল পরিবহনের মো. রুবেলও একই কথা জানিয়ে বলেন, "অনেক যাত্রী টিকিট ফেরত দিয়ে গেছে। তবে রাতে অতিরিক্ত বাসের ব্যবস্থা করা হয়েছে।"
হানিফ পরিবহন টিকিট ফেরত নেওয়া না হলেও বাস কখন গন্তব্যের উদ্দেশ্যে ছাড়বে তা ওইসময় জানাতে পারেননি কাউন্টার ম্যানেজার।
এই কোম্পানির বাসে সকাল ৯টায় দিনাজপুরের ফুলবাড়ি যাওয়ার কথা ছিলো বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র মো. শহিদ আহমেদের।
তিনি জানান, কয়েকবার ফোনে বাস কাউন্টারে যোগযোগ করলেও টিকিট ফেরত নিতে চায়নি। এমনকি পরে কখন বাস ছাড়া হবে তাও জানানো হয়নি।
এ অনিশ্চয়তার মধ্যে বিকাল ৩টা থেকে হানিফ পরিবহনের শ্যামলী কাউন্টারে এসে অপেক্ষা করতে থাকেন তিনি।
এ ব্যাপারে হানিফ পরিবহনের ম্যানেজার আব্দুস সামাদ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের জন্য এ সমস্যা হয়েছে। সকালের শিডিউলের সব বাস বিকাল পাঁচটার পর যাত্রা শুরু করে।"
মহানগর ট্রাফিক পুলিশের মহাখালী জোনের সহকারি কমিশনার ইফতেখার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের কারণে দূরপাল্লার বাস স্বাভাবিকভাবে চলতে পারেনি। বিকালের পর সব ঠিক হয়ে যাবে।"
মহাখালীতে সৌখিন এক্সপ্রেসের ড্রাইভার জুবায়ের হোসেন জানালেন, সকাল থেকে যাত্রীরা এসে বসে থাকলেও বাস ছাড়া সম্ভব হয়নি।
ময়নসিংহের যাত্রী ইসমাইল হোসেন সকাল সাতটা থেকে বেলা তিনটা পর্যন্ত মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থেকেও বাস পাননি।
ইউনিক কাউন্টারের ম্যানেজার মিজানুর রহমান লিটন জানান, হরতালের জন্য তাদের ঢাকা-চট্টগ্রাম রুটের সব কাউন্টারই সারাদিন বন্ধ ছিল। তবে যাত্রীরা সারাদিনই অপেক্ষা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসআইএম/এইচএ/১৯৪১ ঘ.
bdnews24