ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার 'উৎখাতে' ঈদের পর আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
রোববার বিকালে এক সংবাদ ব্রিফিঙে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এ ঘোষণা দেন।
সেইসঙ্গে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি 'স্বতঃস্ফূর্তভাবে' পালিত হয়েছে দাবি করে দেশবাসীসহ দলীয় নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।
দেলোয়ার বলেন, "আজকের হরতাল পালনের মধ্য দিয়ে দেশের মানুষ কেবল এই সরকারের প্রতি অনাস্থাই জানায়নি, তাদের প্রতি ঘৃণাও প্রকাশ করেছে। আমরা জানি, তারপরও সরকারের টনক নড়বে না। ''
এই সরকারকে দেশের মানুয় আর ক্ষমতায় দেখতে চায় না বলেও দাবি করেন তিনি।
বিএনপি মহাসচিব সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, "জগদ্দল পাথরের মতো বসে থাকা এই সরকারকে হটাতে ঈদের পর কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়া হবে। ক্ষমতা না ছাড়া পর্যন্ত আমরা আন্দোলনের কর্মসূচি দিয়ে যাব।''
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাদের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শেষ সময়ে এই সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
দেলোয়ার অভিযোগ করেন, হরতাল কর্মসূচি পালনের সময় ঢাকা মহানগর, সিলেট, কিলোরগঞ্জ, ফেনী, বরিশাল, যশোর, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, নোয়াখালী, পাবর্ত্য তিন জেলা, পটুয়ালী, ময়মনসিংহ, গাজীপুর, জামালপুর, রাজশাহী, শেরপুর, ভোলা, পিরোজপুর, নীলফামারী, মৌলভীবাজার, চাপাইনবাবগঞ্জ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও কক্সবাজারে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার এবং তাদের বাড়ি-ঘরে হামলা করা হয়।
তিনি বলেন, ''সারাদেশে পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। তারা বাঘের মতো ঝাপিয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করে।''
ছাত্রদলের দেড় শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয় বিএনপি।
নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, মহিলা সাংসদ রেহানা আখতার রানু, রাশেদা বেগম হীরাসহ কয়েকজনকে পুলিশ 'নাজেহাল' করায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই সময় পুলিশ ৩০ জনকে আটক করে বলেও দাবি দেলোয়ারের।
আইএসপিআরের বিরুদ্ধে 'মিথ্যাচারের' অভিযোগ
ব্রিফিঙে দেলোয়ার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক শাহীনুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ''তিনি বিভ্রান্তি ছড়াতে মিথ্যাচার করেছেন। বিরোধী দলীয় নেতা শনিবার রাতে নিজেই তাকে কীভাবে বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে, তা জাতির কাছে তুলে ধরেছেন। এরপরও ওই পরিচালক আবারো মিথ্যা কথা বলছেন।''
তিনি অভিযোগ করেন, আইএসপিআর এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফের বক্তব্য একই সুরে গাঁথা। খালেদা জিয়াকে তার ৩০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে 'অবৈধভাবে' বের করে দিয়ে সরকার এখন 'বিভ্রান্তি' ছড়াচ্ছে। দেশের মানুষের কাছে তা পরিষ্কার হয়ে গেছে।
বাড়ি থেকে জোর করে বের করে দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করে রোববারে এক সংবাদ সম্মেলনে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক শাহীনুল ইসলাম বলেন, খালেদা জিয়ার বক্তব্য 'মিথ্যাচার, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত'।
হাইকোর্টে দেওয়া সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর শনিবার ঢাকা সেনানিবাসের মইনুল সড়কে খালেদার বাড়ি খালি করার উদ্যোগ নেওয়া হয়। বিরোধীদলীয় নেতা বিকালে বাড়ি ছাড়েন।
খালেদা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন বলে আইএসপিআর শুরু থেকে বলে এলেও খালেদা সন্ধ্যায় তার কার্যালয়ে কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, তাকে এক কাপড়ে জোর করে বাড়ি থেকে বের করা হয়েছে। তার সঙ্গে 'অসম্মানজনক' আচরণও করা হয়।
বিচার বিভাগ, প্রশাসনসহ সামরিক বাহিনীর প্রভাব খাটিয়ে সরকার খালেদা জিয়াকে 'অন্যায় ও অবৈধভাবে' সেনানিবাসের বাড়ি থেকে উৎখাত করেছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।
দেলোয়ার আরো অভিযোগ করেন, সরকারি দলের সমর্থক যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের ক্যাডাররা যানবাহনে আগুন লাগিয়ে এখন বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে 'মিথ্যা' মামলা দেওয়া হচ্ছে। যুবদলের সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের হাবিবউন নবী খান ও ছাত্রদলের সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে এভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, ফজলুল হক মিলন, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালাম, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবউন নবী খান সোহেল, মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা সাংসদ রেহানা আখতার রানু, নীলুফার চৌধুরী মনি, শাম্মী আখতার, রাশেদা বেগম হীরাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯০৫ ঘ.
bdnews24