ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিক্ষিপ্ত সংঘর্ষ, ভাংচুর আর গাড়িতে আগুন দেওয়ার মধ্য দিয়ে দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল শেষ হয়েছে।
চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছেন শতাধিক।
হরতালের কারণে দূরপাল্লার বাস চলাচল ব্যাহত হলেও ট্রেন ও লঞ্চ চলেছে। রাজধানীসহ জেলা শহরগুলোতে গাড়ি চলাচল ছিলো খুব কম। দোকান-পাটও ছিলো বন্ধ। অফিস-আদালতে উপস্থিতি ছিলো কম।
খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাত' করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল বিএনপি। ঈদের তিন দিন আগে বিএনপির এ কর্মসূচি বর্তমান সরকারের সময়ে তাদের ডাকা দ্বিতীয় হরতাল।
জনগণ এ হরতালে সাড়া দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ঈদের আগে ডাকা এ হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে।
হরতাল সফল করতে সকাল থেকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় বিএনপি নেতা-কর্মীরা। তারা মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। সকাল সোয়া ১০টার দিকে বিএনপিকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সেখানে ৩০ জনকে পুলিশ আটক করে বলে বিএনপি অভিযোগ করেছে।
নয়া পল্টন এলাকাসহ মিরপুর, মহাখালী, শান্তিনগরে বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে হরতাল সমর্থকরা। মোহাম্মদপুর এবং পুরান ঢাকার জনসন রোডে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। জনসন রোডে আদালত পাড়ায় পুলিশের গাড়ি লক্ষ করে একটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে আহত হন এক কনস্টেবল।
হরতালের বিপক্ষে কয়েকটি মিছিলও দেখা গেছে রাজধানীতে।
মহাখালী, গাবতলী ও সায়েদাবাদ টার্মিনালে গিয়ে প্রচুর যাত্রীর দেখা মিললেও বাস ছাড়তে খুব একটা দেখা যায়নি। সকালে গাবতলীতে অপেক্ষমাণ যশোরগামী শিরীণ আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল ৮টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও সাড়ে ১০টা পর্যন্ত ছাড়েনি। কখন ছাড়বে তা কেউ জানাতে পারছে না।"
শিরীণের বাস ঈগল পরিবহনের কল্যাণপুর কাউন্টার পরিচালক আমির হোসেন বলেন, "আমরা পরিস্থিতির শিকার। এখন কিছুই করার নেই। গত রাতে বিকল্প বাসে বেশ কিছু যাত্রী আমরা পাঠিয়ে দিয়েছি। বাকি যাত্রীদের দুপুরের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পাঠানোর ব্যবস্থা করা হবে।"
রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক তৌহিদুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রেল চলাচল স্বাভাবিক ছিলো।
তিনি বলেন, "বগুড়ার শান্তাহার ও বানারপাড়ার মাঝামাঝি স্থানে লালমনি এক্সপ্রেসসহ দুটি লোকাল ট্রেন পিকেটাররা আটকে রাখে। তবে দুই ঘণ্টা পর পুলিশ তা ছাড়ার ব্যবস্থা করে।"
এছাড়া নরসিংদীর আমিরগঞ্জ এলাকায় চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস লক্ষ করে পিকেটাররা ইট ছুড়লে চালকের মাথা ফেটে যায় বলে রেল মহাপরিচালক জানান।
হরতালে সচিবালয় ছিলো ফাঁকা-ফাঁকা। তবে শুধু হরতাল নয়, ঈদও এর একটি কারণ বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
সুপ্রিম কোর্ট এলাকায় বিএনপি সমর্থক আইনজীবীরা মিছিল করে। তারা আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে প্রেসক্লাবের দিকে যেতে চাইলে পুলিশ জলকামান থেকে পানি ছুড়ে তাদের হটিয়ে দেয়।
অন্যদিকে পুরান ঢাকায় নিু আদালতে মিছিল করে হরতাল সমর্থক ও বিরোধী উভয় পক্ষ। আদালতে বিচারপ্রার্থীর উপস্থিতি ছিলো কম। কাজও ছিলো ঢিলেঢালা।
চট্টগ্রাম নগরীতে সকাল থেকে শান্তিপূর্ণ থাকলেও দুপুর ১২টার পর বিএনপি কার্যালয়ের সামনে হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। সেখানে আহত হন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্তত ১০ জন। সেখানে ৬ নারীকর্মীসহ ১৯ জনকে আটক করে পুলিশ।
সাভারে হরতালকারীরা অন্তত ১০টি গাড়ি ভাংচুর করেছে বলে পুলিশ জানায়। বিএনপি নেতারা বলছেন, পুলিশের লাঠিপেটায় তাদের ৩০ জন কর্মী-সমর্থক আহত হন।
খুলনার কয়েকটি স্থানে হরতালকারীদের ওপর সরকার সমর্থকরা হামলা চালায় বলে বিএনপির অভিযোগ। খালিশপুর এলাকায় বিএনপির মিছিলে যুবলীগকর্মীদের হামলায় আহত হন দুজন। ডুমুরিয়া ও দৌলতপুরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে। বিএল কলেজে পিকেটিংরত ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। কয়রায় বিএনপির কার্যালয়ে সরকার সমর্থকরা হামলা চালায়।
রাজশাহীতে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়। বিএনপির ৩ কর্মীকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে হরতালকারীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় তিন পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়। বন্দর থানা যুবদলের সম্পাদক সানোয়ার হোসেন ও যুবদল নেতা কাজী বাদলকে পুলিশ আটক করে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোলাহাটে হরতালের পক্ষে-বিপক্ষে মিছিল হয়। মিছিলকারী দুই পক্ষের সংঘর্ষে আহত হয় ২০ জন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পিকেটারদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষে আহত হয় ২০ জন। মিছিলকারীরা পুলিশকে লক্ষ করে ইট ছুড়তে থাকলে পুলিশ প্রথমে লাঠিপেটা ও পরে ফাঁকা গুলি ছোড়ে। পরে কিছু সময়ের জন্য বিএনপির কয়েকশ নেতাকর্মী পাকুন্দিয়া থানা ঘেরাও করে রাখে।
নোয়াখালীর সোনাইমুড়িতে দুই ছাত্রলীগ নেতাকে পিটিয়ে আহত করে এবং তাদের মটর সাইকেল পুড়িয়ে দেয় হরতালকারীরা। জেলা শহরে পুলিশের লাঠিপেটায় আহত হয় পাঁচ বিএনপিকর্মী। হরতালের সময় ছাত্র ও যুবলীগকর্মীদের প্রধান সড়কে মহড়া দিতে দেখা যায়।
এছাড়া বরিশাল, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, ময়মনসিংহ, গাইবান্ধায় হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। দেশের অধিকাংশ জেলায় বিএনপি মিছিল করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা জানিয়েছেন।
হরতাল শেষে নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দেলোয়ার বলেন, বিএনপির বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা কত- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এখনো খবর আসছে। কেবল ছাত্রদলের গ্রেপ্তারের সংখ্যা দেড় শতাধিক।"
তিনি গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন।
অন্যদিকে আওয়ামী লীগ নেতা হানিফ এক সংবাদ সম্মেলনে বলেন, "বিভাগীয় শহরগুলোসহ বিভিন্ন স্থান থেকে আমরা যেটুকু খবর পেয়েছি, হরতালে জনজীবন স্বাভাবিক ছিলো। সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা যথারীতি চলেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসআইটি/কেটি/পিসি/এসএইচএ/এমআই/১৮৫০ ঘ.
bdnews24