২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় শান্তিপূর্ণ হরতাল

বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে খুলনায় রোববার ভোর ৬টা থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 05:55 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

খুলনা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের অংশ হিসেবে খুলনায় রোববার ভোর ৬টা থেকে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে এই হরতাল ডাকা হয়। খুলনা নগরীর পিটিআই মোড় থেকে সকাল সাড়ে ৭টার দিকে মহানগর বিএনপির সভাপতি সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। হরতালের সমর্থনে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ ছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নগরীতে খণ্ড খণ্ড মিছিল বের করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত নগরীর কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীর দোকান ও শপিং কমপ্লেক্সগুলো বন্ধ রয়েছে। সকাল থেকেই স্বাভাবিকভাবে রিকশা চলাচল করছে। তিনি জানান, রেলস্টেশন থেকে বিভিন্ন রুটে ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে গেছে। তবে সোনাডাঙ্গা টার্মিনাল থেকে কোন বাস চলাচল করেনি। স্কুল, কলেজ ও ব্যাংক বন্ধ রয়েছে। নগরীতে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওসি জানান, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র‌্যাব ও পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। খুলনা মহানগর বিএনপির সভাপতি ও সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু জানান, ভোর থেকেই দলের নেতাকর্মীরা নগরীর প্রধান প্রধান সড়ক ও ওয়ার্ডে মিছিল করছে। কোথাও কোন সংঘর্ষ বা কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৫০ ঘ.