ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সেনানিবাসের বাড়ি 'ছেড়ে দেওয়ায়' বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
বিএনপির রোববারের হরতালকে 'অযৌক্তিক' আখ্যায়িত করে সরকারি দল তা প্রত্যাহারের আহবান জানিয়েছে।
খালেদাকে ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, "বিলম্বে হলেও দেশবাসীর প্রত্যাশা ও আদালতের রায় অনুযায়ী দীর্ঘদিন অবৈধভাবে দখলে রাখা সেনাবাহিনীর সম্পদ সেনানিবাসের বাড়িটি অবশেষে তিনি (খালেদা জিয়া) ছেড়ে দিয়েছেন।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকালে এক সংবাদ সম্মেলনে হানিফ একথা বলেন।
এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, হরতাল প্রতিহত করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আশাকরি, সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের বক্তব্যের জবাবে তিনি বলেন, "খালেদা জিয়ার বাড়িটি উদ্ধারের জন্য ক্যান্টনমেন্ট বোর্ড নোটিশ দেয়। যার বিরুদ্ধে খালেদা জিয়া হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট বাড়িটি ছেড়ে দেয়ার আদেশ দেয়। এই ক্ষেত্রে সরকারের কী করার আছে! আমাদের পক্ষ থেকে কোনো ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক সিদ্ধান্তের অবকাশ নেই।"
তিনি বলেন, "বিএনপি'র সৎ রাজনৈতিক নেতাকর্মীদেরও আজ ভাবতে হবে তারা খালেদা জিয়ার পারিবারিক সম্পত্তি রক্ষার কাজে ব্যবহৃত হবে কি না?"
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, আফম বাহাউদ্দিন নাসিম, আবু সাইদ আল মাহমুদ স্বপন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯১৭ ঘ.
bdnews24