ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা রোববারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) সভাপতি আবুল কালাম আজাদ শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান। তিনি বলেন, "অর্থনীতির কথা চিন্তা করে রোববারের হরতাল প্রত্যাহারে প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানাচ্ছি।"
রাজনৈতিক স্থিতিশীলতার কারণে গত দুবছরে দেশের অর্থনীতির উন্নতি হয়েছে দাবি করে তিনি বলেন, "গত তিন মাসে রপ্তানি প্রায় ৩০ শতাংশ বেড়েছে। যখন দেশে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ছে সেই সময় এ হরতাল ডাকা হলো।"
বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এর্দোয়ানের সঙ্গে রোববার এফবিসিসিআই নেতাদের পূর্ব নির্ধারিত বৈঠক রয়েছে বলেও জানান সংগঠনটির সভাপতি আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/পিডি/১৮৪০ ঘ.
bdnews24