ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন বলে সামরিক বাহিনী জানালেও বিএনপি অভিযোগ করেছে, ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে টেনে-হিঁচড়ে তাকে নামানো হয়েছে।
দলের নেতারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন।
বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, "বিরোধী দলীয় নেতাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে টেনে-হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। উনি বেডরুমে চেয়ারে বসা ছিলেন। তিনি উঠতে না চাইলে তার দুই হাত তুলে গাড়িতে তুলে দেয় আইনরক্ষাকারী সংস্থার লোকজন। এটা অবৈধ ও নজিরবিহীন ঘটনা।"
শনিবার বিকালে সেনানিবাসের বাড়ি ছেড়ে গুলশানের কার্যালয়ে যাওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে কথা বলেন দেলোয়ার। এরপর সেখানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
বিকাল ৩টার পর বিরোধীদলীয় নেতা সেনানিবাসের বাড়ি ছেড়ে যাওয়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী বাড়িটি ছেড়ে দিয়েছেন। এজন্য ক্যান্টনমেন্ট বোর্ডও তাকে সম্মান জানিয়েছে।"
বিএনপি মহাসচিব বলেন, "খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়ার পর তার বাড়ির জানালা দরজা ভেঙে ফেলা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি।"
"পুলিশ-র্যাব খালেদা জিয়ার বেডরুমের দরজা ভেঙে ফেলে। এর আগে তারা সেই দরজায় ধাক্কা দিয়ে বিরোধীদলীয় নেতাকে ১০ মিনিট সময় বেঁধে দিয়েছিলো। এসব কথা আমরা নেত্রীর সঙ্গে কথা বলে জেনেছি", বলেন দেলোয়ার।
তিনি বলেন, "সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সকালে আমাদের জ্যেষ্ঠ আইনজীবীদের আশ্বস্ত করেছিলেন, বিষয়টি তার আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকার এরকম উচ্ছেদ করবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেলো, সরকার জবরদস্তি করে ওই অবৈধ কার্যটি সম্পন্ন করেছে।"
"মিয়ানমারের সামরিক জান্তাও অং সান সুচিকে গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দিচ্ছে। কিন্তু বাংলাদেশের যারা নিজেদের গণতান্ত্রিক দাবি করে, তারা বিরোধী দলের নেতার ওপর যে আচরণ করেছে, তা নজিরবিহীন", বলেন বিএনপি মহাসচিব।
রোববারের সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি সফল করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান দেলোয়ার।
তিনি বলেন, "ঈদের পর আন্দোলন তীব্র করতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩৫ ঘ.
bdnews24