ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ৩৮ বছর পর অশ্রুনয়নে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়েছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শনিবার প্রথম প্রহর থেকে বিকাল ৩টায় বাড়ি ছাড়া পর্যন্ত সাড়ে ১৫ ঘণ্টার ঘটনাক্রম।
শনিবার প্রথম প্রহর:
খালেদা জিয়া তার সেনানিবাসের বাড়ি ছেড়ে দিচ্ছেন এমন গুজব ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীরা জাহাঙ্গীর ফটকের সামনে জড়ো হয়। রাত ৩টা পর্যন্ত অবস্থান করার পর তারা ফিরে যান।
ভোর ৬টা ৫০ মিনিট:
খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ির চারপাশে অবস্থান নেয় র্যাব ও পুলিশ সদস্যরা।
সকাল ৮টা ৩০ মিনিট:
খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের হেয়ার রোডের বাসভবনে বৈঠক করতে যান খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার রফিক-উল-হক ও মওদুদ আহমদ।
সকাল ৮টা ৪৫ মিনিট:
খালেদা জিয়া কয়েকদিনের প্রস্তুতি শেষে স্বেচ্ছায় ঢাকা সেনানিবাসের বাসা ছেড়ে দিচ্ছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। এর কিছু সময়ের মধ্যেই বাড়ি ছাড়া নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আইএসপিআর'র দেওয়া বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক হিসেবে অভিহিতি করেন খালেদা জিয়া।
সকাল সাড়ে ১০টা:
প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে বেরিয়ে আসেন খালেদার চার আইনজীবী। এরপর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক প্রেস ব্রিফিং তারা বলেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়া নিয়ে আইএসপিআরের বক্তব্য ভিত্তিহীন।
তারা আরো বলেন, প্রধান বিচারপতির সঙ্গে কথা বলে তাদের বিশ্বাস জন্মেছে যে ২৯ নভেম্বরের শুনানির আগে খালেদা জিয়াকে ডিস্টার্ব (বিরক্ত) করা হবে না। আইনজীবীদের সঙ্গে পরামর্শ ছাড়া তিনি বাড়ি ছাড়বেন না।
বেলা পৌনে ১১টা:
খালেদা জিয়াকে সেনানিবাসের বাসভবন থেকে জোরপূর্বক উচ্ছেদ করতেই তাকে সেখানে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এ অভিযোগ করেন।
বেলা ১২টা:
খালেদা জিয়ার বাড়ি নিয়ে সরকারি তৎপরতার প্রতিবাদে নয়াপল্টনে বিক্ষোভের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রাখে পুলিশ। কার্যালয়ের সামনে কয়েকটি গাড়ি ভাংচুরের পর বিএনপির কয়েকজনকর্মীকে গ্রেপ্তারও করা হয়।
বেলা সাড়ে ১২টা:
ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর ফটকে জড়ো হওয়া বিএনপি নেতা-কর্মীদের লাঠিপেটা করে হটিয়ে দেয় পুলিশ।
দুপুর দেড়টা:
খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের'র প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি।
দুপুর ২টা:
খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির বিক্ষুব্ধ কর্মীরা রাজধানীর মতিঝিল, ফকিরাপুল, মিরপুর ও গাবতলীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করে।
বিকাল ৩টা ৫ মিনিট:
খালেদা জিয়া নিজের সাদা জিপে চড়ে ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়ি থেকে গুলশান কার্যালয়ের উদ্দেশে রওনা করেন।
বিকাল সাড়ে ৩টা:
অশ্র"সিক্ত খালেদা জিয়া গুলশানের কার্যালয়ে পৌঁছান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এজে/এমআই/১৭৫৬ ঘ.
bdnews24