২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে সাক্ষী সুরক্ষা আইন

দেশে বিভিন্ন মামলার সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার 'সাক্ষী সুরক্ষা আইন' নামে একটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 10:35 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিভিন্ন মামলার সাক্ষীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার 'সাক্ষী সুরক্ষা আইন' নামে একটি নতুন আইন প্রণয়ন করতে যাচ্ছে। এ নিয়ে ইতোমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ। রাজধানীর একটি অভিজাত হোটেলে শনিবার অনুষ্ঠিত মানবাধিকার বিষয়ক দু'দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, "সাক্ষ্যের অভাবে আমাদের অনেক মামলা খারিজ হয়ে যায়। ফলে সাধারণ ভূক্তভোগী বা ক্ষতিগ্রস্তরা সুষ্ঠু বিচার থেকে বঞ্চিত হয়। এ অবস্থার অবসানে এবং আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে সরকার নতুন এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত মানুষ সুষ্ঠু বিচার পাবে।" দেশের কারাগারগুলোতে আটক ৭০ ভাগ লোকই বিচারাধীন মামলায় কারাবন্দি বলে উল্লেখ করে শফিক আহমদ বলেন, "বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে এসব মামলা ঝুলে আছে। ফলে অনেক নিরীহ মানুষও কারাবন্দি হয়ে আছে। এটা আইনের শাসনের পরিপন্থী।" তিনি বলেন, "আদালতে বিচারের জন্য দিনের পর দিন পড়ে থাকা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সরকার আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি হবে। সাধারণ মানুষ সুবিচার পাবে এবং আইনের শাসন নিশ্চিত হবে।" যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আইন মন্ত্রী বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারে '৭৩ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন প্রণয়ন করা হয়। ওই আইনেই মানবতা বিরোধী অপরাধে জড়িত চিহ্নিত ব্যক্তিদের বিচারের ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য দু'জন জ্যেষ্ঠ বিচারপতি ও একজন জেলা জজের নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে।" "পাকিস্তানী বাহিনীর দোসরদের এ আদালতে বিচার করা হবে। হত্যা, ধর্ষণ, বুদ্ধিজীবী হত্যা ও বাড়ি পোড়ানো বা লুটপাটের সঙ্গে জড়িত অপরাধীরা এ বিচারের আওতায় আসবে", বলেন তিনি। জনশক্তি রপ্তানি ও অভিবাসন খাতে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, "মানুষ টাকা দিয়েও জনশক্তি রপ্তানীকারকদের প্রতারণার শিকার হচ্ছে। এটা কোনভাবেই কাঙ্খিত নয়। এতে মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।" বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি প্রশাসক হেলেন ক্লার্ক বলেন, "ইউএনডিপি বিশ্বব্যাপী দারিদ্র ও ক্ষুধার বিরুদ্ধে লড়াই এবং শিক্ষার উন্নয়নে কাজ করছে। বাংলাদেশও এক্ষেত্রে সংস্থাটির অন্যতম সহযোগী। বাংলাদেশ ইতোমধ্যেই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে অনেক দূর এগিয়েছে।" মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমীন চৌধুরী বিশেষ অতিথির বক্তৃতায় বলেন, "বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশের গণতন্ত্র ও মানবাধিকার ভিন্ন পথে চলতে শুরু করে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে হত্যাকারীদের বিচারের ব্যবস্থা করে। এরপর থেকেই দেশে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হচ্ছে।" যুক্তরাজ্যে ডটি স্ট্রীট চেম্বারের কিউসি জিওফ্রে রবার্টসন বলেন, "মানবতাবিরোধী অপরাধের বিচার হওয়া উচিৎ। এক্ষেত্রে কত সময় পরে বিচার শুরু হলো তা কোন বিষয় নয়।" জাতীয় মানবাধিকার সংস্থার চেয়ারম্যান ড. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) চেয়ারপার্সন রোজলিন নূনান ও জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনার কাজী রেজাউল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৬২৯ ঘ.