২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়নের সুপারিশ

স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন করার জন্য সুপারিশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 10:17 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারকে শক্তিশালী করতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন করার জন্য সুপারিশ করা হয়েছে। 'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন ২০১০' এ গৃহীত সুপারিশমালা নিয়ে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। গভার্নেস এডভোকেসি ফোরাম এর উদ্যোগে ১২০০ প্রতিনিধির অংশগ্রহণে গত ৩০ অক্টোবর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে 'গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন' অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ জাতীয় কনভেনশন-এর জাতীয় কমিটির সভাপতি ও পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, "স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের মাধ্যমেই গণ-উন্নয়নকে ত্বরান্বিত করা সম্ভব। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্বলতাই এখন এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের ক্ষেত্রে প্রধান অন্তরায়।" তিনি বলেন, "গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বিষয়ে কনভেনশন থেকে যে সুপারিশমালা এসেছে তার আলোকে একটি বিকেন্দ্রীকরণ নীতিমালা তৈরি করে তা সরকারের কাছে তুলে ধরা হবে।" স্থানীয় সরকারকে শক্তিশালী করতে বাজেটের একটি অংশ সরাসরি স্থানীয় সরকারকে বরাদ্দ দেওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ উপজেলা পরিষদ এসোসিয়েশন এর আহ্বায়ক হারুন-অর-রশীদ হাওলাদার বলেন, "সংসদ সদস্যদের উপদেষ্টা হওয়ার বিধান, ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের দ্বান্দ্বিক অবস্থান ইত্যাদি বিষয় নিয়ে উপজেলা পরিষদ কার্যক্রম অকার্যকর হওয়ার সম্মুখীন।" তিনি স্থানীয় সরকারের সকল স্তরে প্রশাসনিক যে কোন ধরনের হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানান। সংবাদ সম্মেলনের সঞ্চালক এবং কনভেনশনের জাতীয় কমিটির সদস্য সচিব ও গভার্নেস এডভোকেসি ফোরাম এর সমন্বয়কারী মহসিন আলী কনভেনশনে গৃহীত ১৯ দফা সুপারিশমালা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষমতা কেন্দ্রীভূত করার কারণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারছে না। এতে বলা হয়, দেশে সংবিধানের আলোকে প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিকেন্দ্রীকরণসহ সমন্বিত জাতীয় গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ নীতিমালা প্রণয়ন করা এবং সে আলোকে স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আখতার হোসেন, অঙ্গীকার বাংলাদেশ এর প্রধান নির্বাহী মুহম্মদ হিলালউদ্দিন, ইনসিডিন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক রতন সরকার, গভার্নেন্স কোয়ালিশন এর জাতীয় প্রকল্প সমন্বয়কারী আকমত আলী মিয়া, স্থানীয় সরকার প্রতিনিধি, গভার্নেস এডভোকেসি ফোরাম এর বিভিন্ন সংগঠন ও নেটওয়ার্ক এর প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৬০৯ ঘ.