ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মধ্যরাত থেকে উত্তেজনা, বিক্ষোভ আর আইনি দেন-দরবারের মধ্যে শনিবার অশ্রুনয়নে ঢাকা সেনানিবাসের বাড়ি ছেড়েছেন খালেদা জিয়া।
বাড়ি ছেড়ে বাক্স-পেটরা নিয়ে বিকাল সাড়ে ৩টায় গুলশানে নিজের কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন। মইনুল সড়কের ওই বাড়িটিতে ৩৮ বছর ধরে থেকে আসছিলেন তিনি।
বিরোধীদলীয় নেতা সেনানিবাসের বাড়ি ছেড়ে যাওয়ার পর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালক শাহীনুল ইসলাম সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী বাড়িটি ছেড়ে দিয়েছেন। এজন্য ক্যান্টনমেন্ট বোর্ডও তাকে সম্মান জানিয়েছে।
"খালেদা জিয়া তার ব্যবহারিক জিনিসপত্র যতটুকু সম্ভব নিয়ে গেছেন। যেগুলো নিতে পারেননি সেগুলো আমরা তার কাছে পৌঁছে দেবো।"
নিজের সাদা পাজেরোয় চড়ে খালেদা জিয়া মইনুল রোডের ৬ নম্বর বাড়ি ছাড়েন। খালেদার গাড়িকে র্যাব ও পুলিশের কয়েকটি গাড়ি পাহারা দিয়ে নিয়ে যায়। কালো রঙের একটি গাড়িতে খালেদার কয়েকটি স্যুটকেস আনা হয়।
গুলশানের কার্যালয়ে খালেদা জিয়া গাড়ি থেকে নেমে কান্নাজড়িত কণ্ঠে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন।
সেখানে রয়েছেন বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী। খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দারের স্ত্রী, সাংবাদিক শফিক রেহমান, সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, জয়নুল আবদিন ফারুকসহ দলের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও সেখানে আছেন।
১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়।
এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা হাইকোর্টে রিট আবেদন করেন। তবে তা খারিজ করে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয় হাইকোর্ট।
সে সময় অতিক্রান্ত হওয়ার পর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করার উদ্যোগ নিলো। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন আপিলের আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে।
খালেদা জিয়া স্বেচ্ছায় ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়ছেন বলে সকালে আইএসপিআর বললেও সে বক্তব্য প্রত্যাখ্যান করে বিএনপি বলে, বাড়ি ছাড়তে বাধ্য করতে বিরোধীদলীয় নেতাকে কার্যত গৃহবন্দি করা হয়।
পাল্টাপাল্টি এ বক্তব্যের মধ্যেই খালেদার আইনজীবীরা দেখা করেন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের সঙ্গে।
খালেদার বাড়ি ছাড়ার খবরে ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর ফটক এবং নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেন। জাহাঙ্গীর ফটক থেকে কেন্দ্রীয় নেতাসহ বিএনপির নেতাকর্মীদের দুপুর আড়াইটার দিকে সরিয়ে দেওয়া হয়।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। দুপুর ১২টার দিকে বিএনপি নেতা-কর্মীরা কয়েকটি গাড়ি ভাংচুর করেন। সেখান থেকে ১৭ জনকে আটক করা হয়েছে।
খালেদাকে ঢাকা সেনানিবাসের বাড়ি থেকে 'উৎখাতের' প্রতিবাদে রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।
দুপুরে মতিঝিল, ফকিরাপুল, মিরপুর ও গাবতলীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। এরপর বিকাল পৌনে ৩টার দিকে দারুসসালামে আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এসএইচএ/এসআইএম/এসআইটি/কেটি/আরএ/এজে/এমআই/১৬১৫ ঘ.
bdnews24