ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি নিয়ে এই মুহুর্তে কী হচ্ছে তা তার জানা নেই।
রাজধানীর একটি হোটেলে শনিবার জাতীয় মানবাধিকার কমিশনের দু'দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "এখন যা করার আদালতই সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের কিছুই করার নেই। সরকার এ নিয়ে কিছু করছেও না। আদালত যে রায় দিয়েছে, তা আমাদের মানতেই হবে। তবে এ নিয়ে এখন কি হচ্ছে, তা আমার জানা নেই।"
এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আরো বলেন, "আদালত যে রায় দিয়েছে, সে অনুযায়ী তাকে ৩০ দিনের মধ্যেই ওই বাসা ছাড়তে হবে। তার সেই সময় ইতোমধ্যেই অতিক্রম করেছে।"
অপর এক প্রশ্নের জবাবে শফিক বলেন, "আমার জানামতে (খালেদা) আদালতে সময় বাড়ানোর কোন আবেদন এখনো করা হয়নি।"
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান বলেন, বিএনপির পক্ষ থেকে রায় স্থগিতে যে আপিল আবেদন করা হয়েছে তা আদালত এখনো গ্রহণ করেনি। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ নভেম্বর সময় নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, "আদালত বর্তমানে আগের আদেশ বাতিল বা স্থগিত করেনি। ফলে আদালতের রায় বহাল রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/জিএনএ/১৫১৭ ঘ.
bdnews24