২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির কোনো মর্যাদা নেই: মওদুদ

বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, প্রধান বিচারপতির আশ্বাস সত্ত্বেও খালেদা জিয়ার বাড়ির দরজা ভেঙে তাকে উচ্ছেদ করা হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশে প্রধান বিচারপতির কোনো মর্যাদা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 08:07 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, প্রধান বিচারপতির আশ্বাস সত্ত্বেও খালেদা জিয়ার বাড়ির দরজা ভেঙে তাকে উচ্ছেদ করা হচ্ছে। এ থেকে বোঝা যায়, বাংলাদেশে প্রধান বিচারপতির কোনো মর্যাদা নেই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়া নিয়ে সরকারি তৎপরতার প্রেক্ষাপটে করণীয় নির্ধারণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। ওদিকে, 'খালেদার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে' বলে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল করছেন বিএনপির সমর্থক আইনজীবীরা। সমিতির ভবনে খালেদার আইনজীবী টিএইচ খানের কক্ষে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বৈঠক শেষে সমিতির দক্ষিণ হলে ওই প্রেস ব্রিফিং হয়। বৈঠকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, রফিকুল ইসলাম মিয়া প্রমুখ অংশ নেন। মওদুদ বলেন, "প্রধান বিচারপতি আমাদের চার-পাঁচ বার আশ্বস্ত করেন, খালেদা জিয়াকে এখনই উচ্ছেদ করা হবে না। অথচ এখন তার দরজা ভাঙা হচ্ছে।" "আমরা এই মাত্র খবর পেলাম খালেদা জিয়ার বেড রুমের দরজা ভাঙা হচ্ছে", দুপুর দেড়টার দিকে বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ের পর দুপুর ২টার দিকে সকালে প্রধান বিচারপতির সঙ্গে খালেদার আইনজীজীদের যেসব কথা হয়েছে সে বিষয়ে একটি আইনজীবী সদন নিয়ে টিএইচ খান, মওদুদ, খন্দকার মাহাবুব ঢাকা সেনানিবাসের জাহাঙ্গীর গেইটের উদ্দেশে রওনা করেছেন। জাহাঙ্গীর ফটকে বিএনপির কয়েকশ নেতা-কর্মী জড়ো হলেও দুপুরে তাদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয় পুলিশ। তবে জয়নুল আবদিন ফারুকসহ কয়েকজন নেতা সেখানে আছেন। প্রেস ব্রিফিংয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, "রফিক-উল-হক, মওদুদ, বাদলসহ আমি দীর্ঘ দুই ঘণ্টা অপেক্ষা করার পর প্রধান বিচারপতির সঙ্গে কথা বলেছি। আমরা তাকে জানিয়েছি, মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে উচ্ছেদ করার পদক্ষেপ নিয়েছে সরকার। "প্রধান বিচারপতি আমাদেরকে বলেছেন, মামলা বিচারাধীন থাকা অবস্থায় সরকার ওই বাড়ি থেকে খালেদাকে উচ্ছেদ করবে না। প্রধান বিচারপতির আশ্বাসে আমরা চলে এসেছি।" তিনি বলেন, "ব্যারিস্টার রফিক-উল-হকসহ অন্যদের সামনে প্রধান বিচারপতি যে আশ্বাস দিয়েছিলেন তা অবশ্যই পালিত হবে বলে আমরা বিশ্বাস করেছিলাম। কিন্তু আমাদের কাছে খবর এসেছে দরজা ভেঙে খালেদা জিয়াকে বের করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটা হলে দেশে অশান্তির পরিবেশ সৃষ্টি হবে। ইতিমধ্যে সারাদেশে ভাংচুর শুরু হয়েছে।" "খালেদা জিয়াকে হয়তো জুলুম করে বাড়ি থেকে বের করে দিয়ে বলা হবে তিনি স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেওয়া হলে সরকার শান্তিতে থাকতে পারবে না", বলেন মাহাবুব হোসেন। এ উত্তেজনার মধ্যেও খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের মইনুল সড়কের বাড়িতেই আছেন। আইনজীবীরা বলছেন, খালেদার সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। বিরোধী নেত্রী বলেছেন, আইনজীবীদের পরামর্শ ছাড়া তিনি ওই বাড়ি ছাড়বেন না। ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে নিহত হওয়ার পর ওই বছরের ১২ জুন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তার শহীদ মইনুল সড়কের ৬ নম্বর বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন। বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ওই বাড়ির ইজারা বাতিল করা হয়। এরপর বাড়ি খালি করার নোটিশ দেওয়া হলে খালেদা হাইকোর্টে রিট আবেদন করেন। তবে তা খারিজ করে ১২ নভেম্বরের মধ্যে বাড়ি খালি করার নির্দেশ দেয় হাইকোর্ট। সে সময় অতিক্রান্ত হওয়ার পর ক্যান্টনমেন্ট বোর্ড বাড়িটি খালি করার উদ্যোগ নিলো। অবশ্য হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন আপিলের আবেদন করেছেন। তার শুনানি ২৯ নভেম্বর পর্যন্ত মুলতবি রয়েছে। খালেদা জিয়াকে মইনুল সড়কের বাড়ি থেকে উচ্ছেদ করতে তাকে কার্যত গৃহবন্দি করা হয়েছে বলে সকাল পৌনে ১১টার দিকে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে অভিযোগ করেন খোন্দকার দেলোয়ার হোসেন। দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে রোববার সারাদেশে হরতালের কর্মসূচি ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউএম/পিসি/এজে/১৪০২ ঘ.